
মনজু হোসেন, স্টাফ রিপোর্টার-
পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্তে বিএসএফের পুশইনের ঘটনায় নারী ও শিশুসহ ১০ জন ব্যক্তি টানা তিনদিন ধরে ভারতীয় শূন্যরেখায় অবস্থান করছেন। বিষয়টি নিয়ে একাধিক দফা বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক হলেও এখন পর্যন্ত কোনো সমাধান হয়নি। রোববার দুপুরে সরেজমিনে দেখা যায়, হাড়িভাসা ইউনিয়নের বড়বাড়ি সীমান্তের মেইন পিলার ৭৫৮-এর ৫ নম্বর সাব-পিলার সংলগ্ন ভারতীয় শূন্যরেখায় তিন শিশু, দুই নারীসহ মোট ১০ জন খোলা আকাশের নিচে অবস্থান করছেন। প্রখর রোদ ও কাদাপানির মধ্যে মানবেতর জীবনযাপন করছেন তারা। স্থানীয় সূত্র ও বিজিবি জানায়, গত শুক্রবার ভোরে বিএসএফ ওই ১০ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে। এরপর থেকে উভয় বাহিনীর মধ্যে কয়েক দফা পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো সমঝোতা হয়নি।
অভিযোগ রয়েছে, তিনদিন ধরে অবস্থানরত এসব মানুষের জন্য কোনো দেশের পক্ষ থেকেই খাবার ও বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হয়নি। রোববার সকালে বিজিবি খাবার পানি দেওয়ার চেষ্টা করলে বিএসএফ বাধা দেয় বলে জানা গেছে।
এদিকে দুপুর সোয়া ১২ টার দিকে বিএসএফ পুনরায় তাদের বাংলাদেশের শূন্যরেখায় ঠেলে দেওয়ার চেষ্টা করলে বিজিবি বাধা দেয়। এ সময় সীমান্ত এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হলে বিএসএফ পিছু হটে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত সীমান্তে উভয় বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে এবং এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বেলা ২টা পর্যন্ত নতুন কোনো পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়নি। জে/এ
