বুধবার ২৪শে জুন, ২০২৬ ১০ই আষাঢ়, ১৪৩৩

কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নওগাঁয় মৌসুমী-দাবী’র ‘চাকরি মেলা’ অনুষ্ঠিত

[print_bangla]

এম আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার-

দেশের তরুণ জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং উদ্যোক্তা বিকাশে সহায়তা প্রদানের লক্ষ্যে নওগাঁ জেলার সদর উপজেলা অডিটরিয়ামে (সোমবার, ২২ জুন ২০২৬) দিন ব্যাপী অনুষ্ঠিত হয়েছে ‘চাকরি মেলা ২০২৬’।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় ‘রিকভারি এন্ড এ্যডভান্সমেন্ট অব ইনফরমাল সেক্টর এমপ্লয়মেন্ট-(রেইজ) প্রকল্পের আওতায় মৌসুমী ও দাবী মৌলিক উন্নয়ন সংস্থার যৌথ উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়।
বেসরকারি উন্নয়ন সংস্থা মৌসুমীর নির্বাহী পরিচালক মো. এরফান আলীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. শাহীন মাহমুদ, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. মতিয়ার রহমান, মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক (চলতি দ্বায়িত্ব) মোসা. আমিনা খাতুন, নওগাঁ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. সামসুজ্জামান, পিকেএসএফ ‘রেইজ’ প্রকল্প ব্যবস্থাপনা ইউনিটের প্রোগ্রাম ম্যানেজার ড. মো. ফয়জুল তারিক চৌধুরী, মৌসুমীর উপদেষ্টা মো. হোসেন শহীদ ইকবাল ও দাবী মৌলিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আশরাফুন নাহার প্রমুখ।
চাকরি মেলায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের ক্রমবর্ধমান তরুণ জনগোষ্ঠীকে জনসম্পদে রূপান্তর করতে হলে দক্ষতা ভিত্তিক প্রশিক্ষণ, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং উদ্যোক্তা উন্নয়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করতে হবে। তারা উল্লেখ করেন, পিকেএসএফ-এর সহায়তায় বাস্তবায়নাধীন ‘রেইজ’ প্রকল্প বেকার ও সুবিধাবঞ্চিত তরুণ-তরুণীদের দক্ষতা বৃদ্ধি, আয়বর্ধক কর্মকাণ্ডে সম্পৃক্তকরণ এবং টেকসই জীবিকা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
বক্তারা আরও বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক কর্মবাজারে সফল হতে কারিগরি দক্ষতার পাশাপাশি যোগাযোগ, নেতৃত্ব, সমস্যা সমাধান এবং কর্মক্ষেত্র ভিত্তিক জীবন দক্ষতা অর্জন অত্যন্ত জরুরি। এ ধরণের চাকরি মেলা প্রশিক্ষণপ্রাপ্ত তরুণদের সঙ্গে নিয়োগদাতা প্রতিষ্ঠানের সরাসরি সংযোগ স্থাপনের সুযোগ সৃষ্টি করে, যা কর্মসংস্থান বৃদ্ধির পাশাপাশি স্থানীয় অর্থনীতির উন্নয়নেও ইতিবাচক ভূমিকা রাখে। দিনব্যাপী চাকরি মেলায় অনানুষ্ঠানিক খাতে চাকরী দাতা প্রতিষ্ঠানসহ আনুষ্ঠানিক খাতের মোট ২০ টি স্বনামধন্য নিয়োগদাতা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। এর মধ্যে ছিল বিডি জবস, প্রান-আরএফএল গ্রুপ, ওয়ালটন, হোন্ডা, জেএম ফ্যাসন ইন্ডাস্ট্রিজ, গ্রি, র‌্যাংকস, ভিশন, ড্রিম আইটি, ফ্রি ল্যান্সিং আইটি ইনস্টিটিউট, ইত্তেহাদ প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ, তালুকদার বেকারি, মৌসুমী, দাবী মৌলিক উন্নয়ন সংস্থা এবং টেগাস আইটি লিমিটেড সহ জাতীয় ও স্থানীয় চাকরি দাতা প্রতিষ্ঠান। মেলায় স্থানীয় তরুণ উদ্যোক্তা এবং ‘রেইজ’ প্রকল্পের প্রশিক্ষন সমাপ্তকারী শিক্ষানবিশ ও স্থানীয় চাকরি প্রত্যাশি তরুণ-তরুণীসহ প্রায় ১৫০০ জন অংশগ্রহণ করেন। মেলায় চাকরিপ্রার্থীরা সরাসরি জীবনবৃত্তান্ত (সিভি) জমা, তাৎক্ষণিক সাক্ষাৎকারে অংশগ্রহণ এবং সম্ভাব্য নিয়োগদাতাদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পান। পাশাপাশি তরুণ উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য ও সেবার প্রদর্শনীর আয়োজন করা হয়, যা তাদের সৃজনশীলতা, দক্ষতা ও উদ্যোক্তা সক্ষমতার পরিচয় তুলে ধরে।
চাকরি মেলায় অংশগ্রহণকারী শিক্ষানবিশিদের মধ্য থেকে আইটি সাপোর্ট সার্ভিস, ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেইনটেন্যান্স, ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন, ফ্যাশন গার্মেন্টস ও টেইলারিং, গ্রাফিক্স ডিজাইন অ্যান্ড মাল্টিমিডিয়া, মোটরসাইকেল সার্ভিসিং, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, মোবাইল ফোন সার্ভিসিং, বেকিং এন্ড পেস্ট্রি প্রিপারেশন সহ বিভিন্ন ট্রেডে মোট ১৩৭ জনকে তাৎক্ষণিকভাবে নিয়োগ প্রদান করা হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরণের উদ্যোগ স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ, দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। একই সঙ্গে ‘চাকুরি মেলা-২০২৬’ তরুণদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনের পাশাপাশি দক্ষতা ও কর্মসংস্থানের মধ্যে একটি কার্যকর সেতুবন্ধন হিসেবে কাজ করবে। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নওগাঁয় মৌসুমী-দাবী’র ‘চাকরি মেলা’ অনুষ্ঠিত

২৩ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top