সোমবার ৩রা আগস্ট, ২০২৬ ১৯শে শ্রাবণ, ১৪৩৩

জনগণের দোরগোড়ায় সেবা নিশ্চিত করতে ভাণ্ডারিয়ায় জেলা প্রশাসকের দিনব্যাপী পরিদর্শন

[print_bangla]

এমএফএইচ রাজু | ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া, সেবার মানোন্নয়ন নিশ্চিত করা এবং চলমান উন্নয়ন কার্যক্রমের বাস্তব অগ্রগতি পর্যালোচনার লক্ষ্যে পিরোজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ ভাণ্ডারিয়া উপজেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন।

সোমবার (৩ আগস্ট) দিনব্যাপী এ পরিদর্শনকালে তিনি উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, ভিটাবাড়িয়া ইউনিয়ন ভূমি অফিস, বিহারী লাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয়, ৬৮ নম্বর ভাণ্ডারিয়া হাই সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং চলমান খাল পুনঃখনন প্রকল্প পরিদর্শন করেন।

সফরের শুরুতে জেলা প্রশাসক ভিটাবাড়িয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ও ইউনিয়ন ভূমি অফিসের কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় তিনি সেবাগ্রহীতাদের জন্য প্রদত্ত স্বাস্থ্য ও ভূমিসেবার মান, কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি, রেকর্ড সংরক্ষণ পদ্ধতি এবং নাগরিকবান্ধব পরিবেশ পর্যালোচনা করেন। জনগণকে দ্রুত, সহজ ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

পরে তিনি বিহারী লাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও ৬৮ নম্বর ভাণ্ডারিয়া হাই সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় শ্রেণিকক্ষের পাঠদান, শিক্ষার্থীদের উপস্থিতি, শিক্ষার পরিবেশ, পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা পর্যবেক্ষণ করেন। তিনি শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করার পাশাপাশি পরিচ্ছন্ন, নিরাপদ ও আনন্দমুখর শিক্ষার পরিবেশ বজায় রাখতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

দিনব্যাপী সফরের অংশ হিসেবে জেলা প্রশাসক দেউলবাড়ি মাধ্যমিক বিদ্যালয় থেকে মহাজনের বাড়ি পর্যন্ত জার্মান খাল ও চরখালী খাল পুনঃখনন কার্যক্রমও সরেজমিনে পরিদর্শন করেন। তিনি প্রকল্পের বাস্তব অগ্রগতি, কাজের গুণগত মান এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্নের বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় জেলা প্রশাসক বলেন, খাল পুনঃখননের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি, পানি প্রবাহ স্বাভাবিক রাখা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে। পাশাপাশি স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নেও এ ধরনের প্রকল্প ইতিবাচক প্রভাব ফেলবে। তাই উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহিতা ও গুণগত মান নিশ্চিত করতে হবে।

পরিদর্শনকালে ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাসিবুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) উজ্জল হালদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ইব্রাহিম মোল্যা, উপজেলা প্রকৌশল, শিক্ষা বিভাগের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সরকারি প্রতিষ্ঠানের কার্যক্রমকে আরও গতিশীল করা, জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া এবং উন্নয়ন প্রকল্পসমূহের গুণগত বাস্তবায়ন নিশ্চিত করতে এ ধরনের সরেজমিন পরিদর্শন ও নিবিড় তদারকি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

জনগণের দোরগোড়ায় সেবা নিশ্চিত করতে ভাণ্ডারিয়ায় জেলা প্রশাসকের দিনব্যাপী পরিদর্শন

০৩ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top