
শামীম আহমেদ, পাবনা:
পাবনা জেলার ফরিদপুর উপজেলার ডেমরা ইউনিয়নের বৃকালিয়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তা নির্মাণকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। বিদ্যালয়ের যাতায়াত সহজ করতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশে একটি খুঁটি পুঁতে রাস্তার সীমা নির্ধারণ করা হলেও তা নিয়ে দেখা দিয়েছে বিরোধ।
জানা যায়, স্থানীয় চেয়ারম্যান, মেম্বার এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা শিক্ষার্থীদের কথা বিবেচনা করে শুধুমাত্র স্কুলের জন্য একটি রাস্তা নির্মাণের উদ্যোগ নেন। সেই অনুযায়ী ইউএনওর নির্দেশে নির্ধারিত স্থানে খুঁটি পুঁতে কাজ শুরু করার প্রস্তুতি নেওয়া হয়।
তবে অভিযোগ উঠেছে, প্রতিপক্ষ ওই খুঁটির অবস্থান মেনে নিতে অস্বীকৃতি জানিয়ে বাধা প্রদান করছে। তাদের প্রভাবের কারণে প্রশাসনের নির্দেশও কার্যকর করা সম্ভব হচ্ছে না বলে স্থানীয়দের দাবি।
এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। দ্রুত সমস্যার সমাধান না হলে শিক্ষার্থীদের স্বাভাবিক যাতায়াত ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
স্থানীয়রা সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে বিদ্যালয়ের রাস্তা নির্মাণের কাজ দ্রুত সম্পন্ন করা যায় এবং শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘব হয়।