
রাজশাহী জেলা প্রতিনিধি:
যথাযথ মর্যাদায় ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে রাজশাহীর মোহনপুর উপজেলায় জাতীয় যুব দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মোহনপুর উপজেলার ধূরইল ইউনিয়ন পরিষদ চত্বরে এক বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
৪ নভেম্বর (বুধবার) সকাল ১০টায় ধূরইল ইউনিয়ন পরিষদ চত্বরে এই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির শুভ উদ্বোধন করেন ধূরইল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম। এ সময় ইউনিয়ন পরিষদের সচিব, অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার লক্ষ্যে পরিষদের বিভিন্ন চত্বরে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
বক্তব্যে প্যানেল চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম বলেন, “সবুজে শ্যামলে দেশকে সাজাতে এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। আজকের তরুণ সমাজ ও যুবরাই পারে দেশকে এগিয়ে নিতে এবং পরিবেশ সংরক্ষণে অগ্রণী ভূমিকা পালন করতে।”
অনুষ্ঠান শেষে দেশের কল্যাণ ও যুব সমাজের সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
