
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি-
নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সম্ভাব্য কর্মসূচিকে কেন্দ্র করে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় জোরদার করা হয়েছে পুলিশের নজরদারি ও তল্লাশি কার্যক্রম। সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। মঙ্গলবার (২৩ জুন) সকাল থেকে উপজেলার শশী কমিউনিটি সেন্টারসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকায় অভিযান চালায় আনোয়ারা থানা পুলিশ। পাশাপাশি উপজেলার প্রধান সড়ক ও প্রবেশপথগুলোতে বাড়ানো হয়েছে টহল। বিভিন্ন চেকপোস্টে যানবাহন তল্লাশি এবং সন্দেহভাজন ব্যক্তিদের ওপর কঠোর নজরদারি চালাতে দেখা গেছে পুলিশ সদস্যদের।
পুলিশ সূত্রে জানা গেছে, জননিরাপত্তা নিশ্চিত করা এবং জানমালের সুরক্ষায় এ বিশেষ তল্লাশি ও নজরদারি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ অভিযান ও টহল জোরদার করা হয়েছে। নিষিদ্ধ সংগঠনকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয়, সে লক্ষ্যে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। জে/এ
