
ঝিনাইদহ প্রতিনিধি:
বুধবার ২৪ জুন জেলার হরিনাকুন্ডু উপজেলার শ্রীফলতলা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণের জন্য অর্থ বরাদ্দের চিঠি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। আজ বুধবার সকাল এগারো টায় বিদ্যালয় প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে এই চিঠি হস্তান্তর করা হয়। ঝিনাইদহ জেলা পরিষদের সম্মানিত প্রশাসক অ্যাডভোকেট এম এ মজিদ-এর পক্ষ থেকে এই অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। বিদ্যালয় সূত্রে জানা গেছে, শ্রীফলতলা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা ও অবকাঠামোগত উন্নয়নের অংশ হিসেবে জেলা পরিষদ এই বরাদ্দ মঞ্জুর করেছে। উক্ত অর্থ বরাদ্দের সরকারি চিঠিটি জেলা পরিষদের প্রশাসকের পক্ষ থেকে বিদ্যালয় কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনাব মানোয়ার হোসেন। এ সময় তাঁর সাথে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শ্রীফলতলা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সম্মানিত সভাপতি অধ্যাপক মোহাঃ কামালুদ্দীন এবং প্রধান শিক্ষক আঃ আলীম আনুষ্ঠানিকভাবে এই বরাদ্দের চিঠি গ্রহণ করেন।
চিঠি হস্তান্তরকালে বিদ্যালয়ের সহকারী শিক্ষক দেলোয়ার হোসেন, সহকারী শিক্ষক হাফিজুর রহমানসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, পরিচালনা পর্ষদের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিদ্যালয়ের প্রাচীর নির্মাণের এই উন্নয়নমূলক উদ্যোগে জেলা পরিষদের প্রশাসকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। জে/এ
