মঙ্গলবার ৮ই সেপ্টেম্বর, ২০২৬ ২৪শে ভাদ্র, ১৪৩৩

মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক – ঠাকুরগাঁওয়ে আবেগাপ্লুত রাষ্ট্রপতি

[print_bangla]

 

মোঃ মামুন অর-রশীদ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবারের মতো নিজ জেলা ঠাকুরগাঁও সফরে এসে আবেগাপ্লুত হয়ে পড়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জেলার মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে নাগরিক সংবর্ধনায় তিনি বলেন, ‘মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক।’

রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে আয়োজিত নাগরিক সংবর্ধনায় বক্তব্য দিতে গিয়ে রাষ্ট্রপতি তাঁর দীর্ঘ রাজনৈতিক পথচলা ও ঠাকুরগাঁওয়ের মানুষের সঙ্গে গভীর সম্পর্কের কথা স্মরণ করেন।
আবেগঘন কণ্ঠে তিনি বলেন, ঠাকুরগাঁওয়ের এই মাটির সঙ্গে তাঁর জীবনের সবকিছু জড়িয়ে আছে। এ জেলার মানুষের ভালোবাসা ও সহযোগিতার কথা তিনি কখনো ভুলবেন না। মানুষের ভালোবাসার এই ঋণ কোনোদিন শোধ করা সম্ভব নয় বলেও উল্লেখ করেন তিনি।

দেশের রাজনীতিতে হানাহানি ও সংঘাতের পরিবর্তে শান্তি ও সমঝোতার পরিবেশ দেখতে চান বলে জানান রাষ্ট্রপতি। রাজনৈতিক দলগুলোকে পারস্পরিক সংঘাত পরিহার করে আলাপ-আলোচনার মাধ্যমে সমঝোতার রাজনীতিতে আসার আহ্বান জানান তিনি।

রাষ্ট্রপতি বলেন, দীর্ঘ রাজনৈতিক আন্দোলন-সংগ্রামের সময়ে দেশে অনেক অত্যাচার-নির্যাতন হয়েছে। তবে তিনি এখন আর মারামারি, সংঘাত ও খুনোখুনি দেখতে চান না। দেশের রাজনীতিতে শান্তি ও সমঝোতার পরিবেশ তৈরি হওয়া প্রয়োজন।
দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় নিজের জীবন উৎসর্গ করার অঙ্গীকার করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রয়োজন হলে নিজের জীবনের বিনিময়েও দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করবেন।
তরুণ প্রজন্মের প্রসঙ্গে রাষ্ট্রপতি বলেন, মাদক ও নানা ধরনের অপরাধ থেকে তরুণদের দূরে রাখতে খেলাধুলা ও সুস্থ জীবনযাপনের সুযোগ বাড়াতে হবে। মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

ঠাকুরগাঁওয়ের ব্যবসায়ীদের জেলায় বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, নতুন কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নিতে হবে। জেলার মানুষকে আত্মনির্ভরশীল হয়ে নিজের পায়ে দাঁড়ানোর জন্যও তিনি আহ্বান জানান।
রাষ্ট্রপতি হিসেবে নিজ জেলায় প্রথম সফরকে ঘিরে ঠাকুরগাঁওয়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। তাঁকে স্বাগত জানাতে শহরের বিভিন্ন স্থানে মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নাগরিক সংবর্ধনাস্থলেও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ব্যাপক সমাগম ঘটে।
এর আগে রোববার দুপুরে হেলিকপ্টারযোগে ঠাকুরগাঁও শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে পৌঁছান দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে তিনি সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ করেন।
সেখান থেকে রাষ্ট্রপতি সেনুয়া পারিবারিক গোরস্থানে গিয়ে বাবা-মায়ের কবর জিয়ারত করেন। পরে সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে আয়োজিত নাগরিক সংবর্ধনায় অংশ নেন।
সংবর্ধনা কমিটির আহ্বায়ক ডাঃ আবু খয়রুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু, প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, হুইপ আখতারুজ্জামান, ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ডা. আব্দুস সালাম, ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইএসডিওর প্রতিষ্ঠাতা ডঃ মুহাম্মদ শহীদ উজ জামান।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক - ঠাকুরগাঁওয়ে আবেগাপ্লুত রাষ্ট্রপতি

০৬ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top