মোঃ মোরশেদ (জেলা প্রতিনিধি) কক্সবাজার
কক্সবাজারের টেকনাফ উপজেলায় মুক্তিপণ আদায়ের পর অভিযান চালিয়ে অপহরণের শিকার এক নারীসহ দুজনকে উদ্ধার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন(র্যাব)-১৫। গতকাল ০৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ০২:২০ ঘটিকায় টেকনাফ থানাধীন বাহারছড়া ইউনিয়নের শাপলাপুর এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।
র্যাব-১৫, সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প) এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। উদ্ধারকৃতরা হলেন কক্সবাজারের ঈদগাঁও উপজেলার মনোয়ারা বেগম(৪৫) ও শমসু আলম(৩৫)।
ঘটনার প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গত ০৫ সেপ্টেম্বর কক্সবাজারের ঈদগাঁও থানাধীন এলাকার মনোয়ারা বেগম নিখোঁজ হন। এ ঘটনায় তার পরিবার ঈদগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করার পাশাপাশি র্যাবের কাছে আইনগত সহায়তা কামনা করে। এর মধ্যে একটি সংঘবদ্ধ অপহরণকারী চক্র নিখোঁজ ওই নারীকে জিম্মি করে পরিবারের কাছে মোবাইল ফোনের মাধ্যমে প্রাণনাশের হুমকি দেয় এবং বিকাশের মাধ্যমে ৩ লাখ টাকা মুক্তিপণ আদায় করে। পরবর্তীতে চক্রটি আরও টাকার দাবিতে ভিকটিমদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতে থাকে।
উদ্ধারের পর ভিকটিমদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের ঈদগাঁও থানার মাধ্যমে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ভিকটিমদের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। অপহরণের সঙ্গে জড়িত চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে তাদের গোয়েন্দা নজরদারি এবং অভিযান অব্যাহত রয়েছে।