
মোঃ মোরশেদ (জেলা প্রতিনিধি) কক্সবাজার
কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের হাবিরছড়া এলাকায় র্যাব-১৫ (সিপিসি-১) এবং জেলা পুলিশের যৌথ আভিযানিক দল সংগঠিত চাঞ্চল্যকর হত্যা মামলার মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে এজাহারনামীয় ৫নং আসামি মোঃ রিদুয়ান (২৬)’কে গ্রেপ্তার করেছে।
অদ্য ১১ সেপ্টেম্বর রাত আনুমানিক ০১:৩০ ঘটিকায় যৌথ অভিযানিক দলটি গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ মডেল থানাধীন সদর ইউনিয়নের হাবিরছড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত মোঃ রিদুয়ান(২৬) টেকনাফ সদর ইউনিয়নের নতুন পল্লানপাড়ার মৃত কবির আহমদ প্রকাশ কবির মাঝির ছেলে।
প্রাথমিক অনুসন্দান ও মামলার বিবরণী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র স্থানীয়দের কাছে চাঁদা দাবি করে আসছিল। এরই জেরে গত ০৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রাতে টেকনাফ সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ড নতুন পল্লানপাড়া এলাকায় চাঁদা দাবির প্রতিবাদ করায় হামলা চালায় সন্ত্রাসীরা। ঐ সময় প্রতিবাদকারীদের বাঁচাতে এগিয়ে এলে ভিকটিম নাজির হোসেনের ওপর ধারালো অস্ত্র, কিরিচ ও লোহার রড নিয়ে অতর্কিত হামলা চালানো হয়। এজাহারনামীয় ৫নং আসামি মোঃ রিদুয়ান তার হাতে থাকা লোহার রড দিয়ে ভিকটিম নাজির হোসেনের পিঠের শিরদাঁড়ায় আঘাত করে গুরুতর জখম করে। অন্যান্য আসামিরাও দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে এবং বুকে-গলায় পা চাপিয়ে ভিকটিমের মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।
চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের পর গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে র্যাব-১৫, টেকনাফ ক্যাম্প ও জেলা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে। ঘটনার মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে টেকনাফ সদর ইউনিয়নের হাবিরছড়া এলাকা থেকে ৫নং এজাহারনামীয় আসামি রিদুয়ানকে গ্রেপ্তার করতে সক্ষম হয় যৌথ দল।
চাঞ্চল্যকর এই হত্যা মামলায় জড়িত বাকি আসামিদের গ্রেপ্তার করতেও অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।