
ফয়সাল, স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার ধুনট উপজেলায় ভান্ডারবাড়ি ইউনিয়নের যমুনা নদীর তীরে একটি শিয়ালের কামড়ে নারী ও শিশু সহ ৫ জন আহত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর এলাকাবাসির মধ্যে শিয়ালের আতঙ্ক বিরাজ করছে।
আহতরা হলেন, উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের ভুতবাড়ী গ্রামের কলেজছাত্র আকাশ মিয়া (১৯), নাজমা খাতুন (৩৫), চায়না খাতুন (৩৬), মরিয়ম খাতুন (৮) ও গোপালনগর গ্রামের রমজান আলী (৫৫)। আহতরা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল, ধুনট ও কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে।
এ বিষয়ে কলেজছাত্র আকাশ মিয়া জানায়, দুপুরের দিকে হঠাৎ করে বাড়ির আঙ্গিনায় একটি শিয়াল ঢুকে পড়ে। এ সময় শিয়াল দেখে ভয়ে বাবাকে ডাক-চিৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে শিয়ালটি আমাকে আক্রমন করে কামড়ে উরুর মাংস ছিড়ে নিয়ে দৌড়ায়। এরপর শিয়ালটি দৌড়ে পালানোর সময় সামনে যাদের পেয়েছে তাদের কামড়ে আহত করেছে। এর পর থেকে আমরা শিয়াল আতঙ্কের মধ্যে আছি।
এ বিষয়ে ধুনট উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রেহেনা খাতুন বলেন, শিয়াল সাধারণত দুটি কারণে আক্রমণ করে। প্রথমত কেউ প্রাণীগুলোকে আঘাত করলে সংঘবদ্ধ হয়ে আক্রমণে যায়। আরেকটি হলো খাদ্যসংকট। এখন শিয়ালের খাবারের খুব অভাব। ক্ষুধার্ত হয়ে লোকালয়ে গিয়ে লোকজনের ওপর আক্রমণ করে। মনে হচ্ছে, ক্ষুধার্ত শিয়ালই আক্রমণ করেছে। এ বিষয়ে স্থানীয় মানুষকে সতর্ক থাকতে হবে এবং আহত ব্যক্তিদের চিকিৎসা নিতে হবে।