
এম আব্দুর রাজ্জাক,স্টাফ রিপোর্টার :
নওগাঁয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
(৩০ এপ্রিল বৃহস্পতিবার ) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচারক টিএমএ মুমিন।
সভায় জানানো হয়, আগামী ২৫ বৈশাখ বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে আত্রাই উপজেলার পতিসরে, কবির নিজস্ব জমিদারী কাচারী বাড়িতে এক দিনের অনুষ্ঠানের আয়োজন করা হবে।
‘শান্তি ও মানবতার কবি রবীন্দ্রনাথ’ শিরোনামে সংস্কৃতি মন্ত্রনালয় ও স্থানীয় প্রশাসন এই আয়োজন করবে। দিনব্যাপী কর্মসূচির মধ্যে, সকালে দেবেন্দ্র মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে দেশের প্রখ্যাত কবি সাহিত্যিক, গবেবষকগণ কবির কর্মময় জীবনী ও বিভিন্ন সৃষ্টিকর্ম তুলে ধরে আলোচনা করবেন। বিকেলে একই মঞ্চে সাংষ্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হবে।
সাংষ্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় আত্রাই ও রানীনগর উপজেলার শিল্পীদের পাশাপাশি পার্শ্ববর্তী এলাকা সমূহের বিভিন্ন শিল্পীগোষ্ঠী অংশগ্রহণ করবে। এছাড়া পতিসর কাচারি বাড়ির আঙ্গিনায় গ্রামীণ মেলার আয়োজন করা হবে এবং দর্শনার্থীদের জন্য কাচারি বাড়ি উন্মুক্ত রাখা হবে।
অন্যদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭ তম জন্মবার্ষিকী পালন উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে বর্নাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হবে। এতে আলোচনা সভা ও সাংষ্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।
অনুষ্ঠান সমূহ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিভিন্ন উপ-কমিটি গঠন, সিদ্ধান্ত গ্রহন ও প্রয়োজনীয় অন্যান্য পদক্ষেপ গ্রহন করতে সংশ্লিষ্টদের প্রতি দিকনির্দেশনা প্রদান করা হয়।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক সাদিয়া আফরিন, রানীনগর উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল হাসান সহ অন্যরা উপস্থিত ছিলেন।