
এমএফএইচ রাজু | ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ইকরি ইউনিয়নের পশারিবুনিয়া গ্রামে গোয়াল ঘর থেকে আটটি গরু চুরির ঘটনায় জড়িত একটি চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি চোরাই গরু ও গরু পরিবহনে ব্যবহৃত একটি মিনি ট্রাক জব্দ করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৬ এপ্রিল গভীর রাতে সুমন হাওলাদার ও মো. সোহেলের গোয়াল ঘর থেকে আটটি গরু চুরি হয়। ঘটনার পরপরই তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তৎপরতার ভিত্তিতে বাগেরহাটের ফকিরহাট থানা এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মো. এলাহি (২১), পিতা সাহেব আলী চৌকিদার, টেকেরহাট (৯ নম্বর ওয়ার্ড), থানা: মুকসুদপুর, জেলা: গোপালগঞ্জ; মো. রাকিব (১৯), পিতা ছালো মোল্লা, একই এলাকা; এবং মো. আমীর হোসেন (৩২), পিতা হাসিবুল শিকদার, থানা: রাজৈর, জেলা: মাদারীপুর।
পুলিশ জানায়, ভুক্তভোগীর শনাক্তমতে গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি চোরাই গরু উদ্ধার এবং গরু পরিবহনে ব্যবহৃত মিনি ট্রাকটি জব্দ করা হয়েছে। চুরি হওয়া অন্যান্য গরু উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।