
ড. সরকার মো. আবুল কালাম আজাদ-
রাজধানী ঢাকা দেশের অর্থনীতি, প্রশাসন ও নাগরিক জীবনের প্রাণ কেন্দ্র। কিন্তু অপরিকল্পিত নগরায়ণ, বায়ু দূষণ, ধুলাবালি ও তাপমাত্রা বৃদ্ধির প্রভাবে নগর জীবন ক্রমেই চ্যালেঞ্জের মুখে পড়ছে। এ বাস্তবতায় রাজধানীর ফুটপাতের উপযুক্ত স্থানে পরিকল্পিত বৃক্ষরোপণ হতে পারে সবুজ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য ঢাকা গড়ার কার্যকর উদ্যোগ। ফুটপাতে গাছ, নগর জীবনে স্বস্তি-ফুটপাতের পাশে উপযুক্ত প্রজাতির গাছ পথচারীদের ছায়া দেবে, রোদের তীব্রতা কমাতে সহায়তা করবে এবং নগরের সৌন্দর্য বাড়াবে। গাছের পাতা বাতাসের কিছু ধুলিকণা আটকে রাখতে পারে। পাশাপাশি কার্বন ডাই-অক্সাইড শোষণ ও বাষ্প মোচনের মাধ্যমে গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা এবং নগরের তাপমাত্রার প্রভাব কমাতে ভূমিকা রাখে।
পরিবেশ বান্ধব নগরায়ণের গুরুত্বপূর্ণ পদক্ষেপ-ঢাকার সড়ক, ভবন ও কংক্রিটের বিস্তারের মধ্যে সবুজের পরিসর বাড়ানো এখন সময়ের দাবি। পরিকল্পিত বৃক্ষরোপণ নগরের তাপদ্বীপ প্রভাব কমাতে, জীব বৈচিত্র্যের অনুকূল পরিবেশ তৈরিতে এবং নাগরিকদের প্রকৃতির কাছাকাছি আনতে সহায়ক হতে পারে। সড়কের পাশে সবুজের সমারোহ নগরের দৃশ্যপটেও ইতিবাচক পরিবর্তন আনবে। প্রয়োজন পরিকল্পনা ও নিয়মিত পরিচর্যা-ফুটপাতে বৃক্ষরোপণের ক্ষেত্রে পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা সর্বাধিক গুরুত্বপূর্ণ। ফুটপাত দখল বা চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি না করে উপযুক্ত স্থানে গাছ লাগাতে হবে। সড়কের নিরাপত্তা, বিদ্যুতের তার, ড্রেনেজ ব্যবস্থা ও ভূগর্ভস্থ পরিষেবা বিবেচনায় নিয়ে এমন প্রজাতি নির্বাচন করতে হবে, যার শিকড় ফুটপাত, ড্রেন বা সড়কের ক্ষতি করবে না। এ উদ্যোগ সফল করতে সিটি করপোরেশন, সংশ্লিষ্ট সরকারি সংস্থা, পরিবেশ বাদী সংগঠন ও নাগরিকদের সমন্বিত অংশগ্রহণ প্রয়োজন। বৃক্ষরোপণের পাশাপাশি নিয়মিত পানি দেওয়া, পরিচর্যা, ডালপালা ছাঁটাই ও গাছের সুরক্ষা নিশ্চিত করতে হবে। শুধু গাছ লাগানো নয়, গাছকে বাঁচিয়ে রাখাই হতে হবে এ কর্মসূচির মূল সাফল্য।
সবুজ ঢাকা, সুন্দর ভবিষ্যৎ-রাজধানীর ফুটপাতের পরিকল্পিত বৃক্ষরোপণ কেবল সৌন্দর্যবর্ধনের উদ্যোগ নয়; এটি পরিবেশ সুরক্ষা, নাগরিক স্বস্তি ও টেকসই নগরায়ণের একটি গুরুত্বপূর্ণ অংশ। যথাযথ পরিকল্পনা ও সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে ফুটপাতের সবুজায়ন ঢাকাকে আরও নান্দনিক, পরিবেশ বান্ধব ও বাসযোগ্য নগরীতে রূপান্তরের পথ সুগম করতে পারে। আজকের একটি গাছ আগামী দিনের জন্য তৈরি করতে পারে শীতল ছায়া, নির্মল পরিবেশ ও সুন্দর নগর জীবনের সম্ভাবনা। তাই আসুন, ফুটপাতের উপযুক্ত স্থানগুলোকে পরিকল্পিত সবুজায়নের আওতায় এনে গড়ে তুলি সবুজ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য ঢাকা।
ড. সরকার মো. আবুল কালাম আজাদ,
কৃষি লেখক, কথক-বাংলাদেশ বেতার,
EX. সিনিয়র শিক্ষক ও পরীক্ষক (কৃষি শিক্ষা)
কেন্দ্রীয় সভাপতি-বাংলাদেশ পেশাজীবী ফেডারেশন।
