
মোঃ মহিউদ্দিন
বাঘাইছড়ি প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচি ও উদ্দীপনার মধ্য দিয়ে দিনটি পালিত হয়েছে।

গতকাল বুধবার (২৮ অক্টোবর) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাঘাইছড়ি উপজেলা ও পৌর যুবদলের যৌথ উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি ও পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মডেল টাউন এলাকা থেকে একটি আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্ত মঞ্চে এসে শেষ হয়। র্যালিতে জাতীয়তাবাদী যুবদলের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত থেকে নানা স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন।

র্যালি শেষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাঘাইছড়ি পৌর যুবদল আহ্বায়ক নিজাম উদ্দিন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি হাজী নিজাম উদ্দিন বাবু, প্রধান বক্তা উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী, উদ্বোধক উপজেলা যুব দলের আহ্বায়ক আবদুল সবুর।
বিশেষ অতিথি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বদিউল আলম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল আলম সহ উপজেলা, পৌর বিএনপি, যুবদল ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা যুবদলের গৌরবোজ্জ্বল ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরে বলেন, “দেশ ও গণতন্ত্র রক্ষায় যুবদল সর্বদা রাজপথে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। আগামী দিনেও দেশের সার্বিক শান্তি, সমৃদ্ধি ও জনগণের অধিকার আদায়ের সংগ্রামে যুবদল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
দিনটি উপলক্ষে সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বৃক্ষরোপণ এবং কাচালং নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয়।