
ফয়সাল, স্টাফ রিপোর্টারঃ
বগুড়া ৫-আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব গোলাম মোহাম্মদ সিরাজ বলেছেন, বর্তমান সরকার সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়ন ও জীবনমান বৃদ্ধির লক্ষ্যে কাজ করছেন। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলেছেন, দানবীয় ফ্যাসিস্ট সরকারের দীর্ঘ নির্যাতনের শাসনের পর আমরা অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ পেয়েছি। এই বাংলাদেশে সব নাগরিকের সমান অধিকার প্রতিষ্ঠিত হবে। ‘সংখ্যালঘু’বলে কোনো শব্দ থাকবে না, আমরা সবাই বাংলাদেশি, আমাদের অধিকার সমান।
বুধবার দুপুর ১২টায় বগুড়ার ধুনট উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থসামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীদের মাঝে ছাগল, দানাদার খাদ্য ও ফ্লোরম্যাট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ উল্লাহ নিজামীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ধুনট পৌর বিএনপি’র সভাপতি আলিমুদ্দিন হারুন মন্ডল, ধুনট উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ রেহানা খাতুন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ধুনট উপজেলা প্রাণিসম্পদ ভেটেরিনারি সার্জন ডাঃ আব্দুর রাকিব। উল্লেখ্য, উপজেলার ৮১টি সুফলভোগী পরিবারের মাঝে জনপ্রতি ২টি করে ছাগল, ২৫ কেজি দানাদার খাদ্য ও ৫টি করে ফ্লোরম্যাট বিতরণ করা হয়েছে।