
ফয়সাল, স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার ধুনট উপজেলায় স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে গ্রাম আদালত বিষয়ক সচেতনতা বৃদ্ধিতে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলা পরিষদের ইছামতি হলরুমে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফ উল্লাহ নিজামী।
গ্রাম আদালত বিষয়ক উপজেলা সমন্বয়কারী বিশ্বজিত কুমারের উপস্থাপনায় আলোচনায় অংশ নেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল কাফী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাহিদা সুলতানা, উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইয়্যেদা জাহান বানু, ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম ও সমন্বিত গ্রাম উন্নয়ন সংস্থার চেয়ারম্যান শরিফুল ইসলাম খোকন।
উক্ত কর্মশালায় এনজিও প্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং সরকারী-বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা অংশ গ্রহন করেন। কর্মশালায় গ্রাম আদালত বিধিমালা ২০০৬ এবং ২০১৬-কে নিয়ে গ্রাম আদালতে বিচার্য দেওয়ানী ও ফৌজদারি মামলার শ্রেণির বিষয়ে ধারণা দেওয়ার পাশাপাশি অংশগ্রহণকারীদের নিকট থেকে সুপারিশ গ্রহণ করা হয়।