
কামরুজ্জামান লিটন, জামালপুর প্রতিনিধি:
জামালপুর জেলার বকশীগঞ্জ ও মাদারগঞ্জ উপজেলায় পৃথক দুই ঘটনায় পানিতে ডুবে মাহিদুল গাজী (৩) ও ইয়ামিন (দেড় বছর) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) সকালে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের গাজীপাড়া গ্রামের বাসিন্দা সুজা আলীর ছেলে মাহিদুল গাজী। সকালে তার মা লামিয়া আক্তার গৃহস্থালির কাজে ব্যস্ত থাকার সুযোগে সবার অগোচরে মাহিদুল বাড়ির উঠান থেকে পাশের সিংগিডোবা বিলে পড়ে যায়।
পরে শিশুটিকে বাড়িতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বিলের পাশে তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, মাদারগঞ্জ উপজেলার জোড়খালি ইউনিয়নের বেতেগা বড় বাড়ি এলাকায় ঘটে আরেকটি হৃদয়বিদারক ঘটনা। জাহিদুল ইসলামের শিশু সন্তান ইয়ামিন বাড়ির উঠানে খেলছিল।
সম্প্রতি বাড়ির পাশে মাটি কাটার ফলে একটি গর্ত তৈরি হয়, যেখানে বৃষ্টির পানি জমে ছিল। সকালে তার মা রান্নার কাজে ব্যস্ত থাকাকালীন খেলতে খেলতে ইয়ামিন ওই পানিভর্তি গর্তে পড়ে যায়।
অনেকক্ষণ খোঁজাখুঁজির পর শিশুটির মা গর্তে তাকে ভাসমান অবস্থায় দেখতে পান। পরে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে বকশীগঞ্জ থানার পুলিশ জানায়, ঘটনাস্থলে পুলিশ কাজ করছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মাদারগঞ্জ মডেল থানার পুলিশও জানিয়েছে, অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।