বৃহস্পতিবার ২৫শে জুন, ২০২৬ ১১ই আষাঢ়, ১৪৩৩

ফুলের গন্ধে সাপ নয়, আসে কু-সংস্কারের অভিশাপ

[print_bangla]

মাকসুদুল হক, ঝিনাইদহ:

মঙ্গলবার ২৩ জুন বাগান জুড়ে থোকায় থোকায় ফুটে আছে ধবধবে সাদা আর হালকা গোলাপির মিশ্রণে অপরূপ এক ফুল। নাম তার ‘সহস্রবেলি’ বা ‘হাজার বেলি’ স্থান ভেদে রাজ গোলাপ এবং রাজ ভাট ফুল নামেও পরিচিত। বর্ষার এই স্যাঁতসেঁতে মৌসুমে ফুলটির তীব্র মিষ্টি সুবাস চারপাশ মাতোয়ারা করে রাখে। কিন্তু এই অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের আড়ালে মিশে আছে এক প্রাচীন লোকভয়। গ্রামীণ সমাজে এখনো অনেকেই মনে করেন, এই ফুলের তীব্র গন্ধে নাকি সাপ ছুটে আসে! আর এই অমূলক ভয়ের ‘অভিশাপে’ পড়ে প্রতিবছর কত শত মানুষের শখের বাগান থেকে কেটে উজার করে দেওয়া হয় এই চমৎকার ফুলের গাছটি। কিন্তু আসলেই কি ফুলের গন্ধে সাপ আসে, নাকি এটি আমাদের মনের ভেতরের এক অন্ধকার কুসংস্কার?
প্রাণী বিজ্ঞান ও উদ্ভিদ বিজ্ঞানীদের মতে, সাপের ঘ্রাণশক্তি মানুষের মতো নয়। সাপ তার দ্বিখণ্ডিত জিহ্বা এবং মুখের ভেতরে থাকা বিশেষ অঙ্গের (জ্যাকবসনস অর্গান) সাহায্যে বাতাসের রাসায়নিক কণা বিশ্লেষণ করে। ফুলের সুগন্ধ বা সুবাসের প্রতি সাপের কোনো সহজাত আকর্ষণ নেই। সাপ কোনো সুগন্ধি উপাদানের পেছনে মোহিত হয়ে ছুটে বেড়ায় না। বাস্তুতন্ত্র বা প্রকৃতি বিজ্ঞানের নিয়ম বিশ্লেষণ করলে এর আসল রহস্য উন্মোচিত হয়। সহস্রবেলি বা হাজার বেলি ফুলের তীব্র সুগন্ধ রাতে প্রচুর পরিমাণে কীটপতঙ্গ, পোকা-মাকড় ও ব্যাঙকে আকর্ষণ করে। আর এই ব্যাঙ ও কীটপতঙ্গগুলোই হচ্ছে সাপের প্রধান খাদ্য। মূলত এই খাদ্যের খোঁজে বা শিকারের তাগিদেই সাপ অনেক সময় এই ফুলের ঝোপের কাছাকাছি আসে, ফুলের গন্ধের আকর্ষণে নয়।
তাছাড়া, হাজার বেলি বা রাজ গোলাপ যা বলেই চিনে থাকি গাছের পাতাগুলো বেশ বড়, ঘন এবং এর ঝোপালো প্রকৃতি নিচের মাটিকে বেশ শীতল ও স্যাঁতসেঁতে রাখে। গ্রীষ্ম বা বর্ষার তীব্র গরমে নিজের শরীরকে ঠাণ্ডা রাখতে এবং আত্মগোপনের জন্য সাপ এমন ঘন ও ঝোপঝাড়যুক্ত স্থানকে নিরাপদ আশ্রয় হিসেবে বেছে নেয়। বাস্তবতা হলো, বাগান নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখলে, গাছের নিচের অংশ ঝোপঝাড় মুক্ত করলে এবং আলো-বাতাসের ব্যবস্থা রাখলে সেখানে সাপ আসার কোনো সুযোগই থাকে না।
কোনো বৈজ্ঞানিক ভিত্তি ছাড়া কেবল অন্ধবিশ্বাসের বশে শখের ফুলের গাছ কেটে ফেলা প্রকৃতির ওপর এক ধরনের অন্যায়। প্রকৃতির ভারসাম্য রক্ষা ও চারপাশের পরিবেশকে সুবাসিত রাখতে আমাদের মানসিকতার পরিবর্তন করা এবং এই কুসংস্কারের অভিশাপ থেকে সমাজকে মুক্ত করা আজ সময়ের দাবি। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ফুলের গন্ধে সাপ নয়, আসে কু-সংস্কারের অভিশাপ

২৪ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top