
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ-
সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য (Disinformation) ও অপপ্রচারের বিস্তার রোধে “রাষ্ট্র পরিচালনায় গণতন্ত্র ও উদার মূল্যবোধের গুরুত্ব” শীর্ষক এক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন, সিরাজগঞ্জের উদ্যোগে-মঙ্গলবার (২৮ জুলাই) বিকেল ৩টায় সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের শহিদ এ. কে. শামসুদ্দিন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গনপতি রায় এবং সেমিনার পেপার উপস্থাপন করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) শাহাদাত হুসেইন।
সেমিনারে সরকারি কর্মকর্তা, আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিবৃন্দ, শিক্ষাবিদ, সাংবাদিক, রাজনৈতিক ও ধর্মীয় নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার অংশীজন অংশগ্রহণ করেন। আলোচনায় সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বশীল আচরণ, বিভ্রান্তিকর তথ্য ও গুজব শনাক্তকরণ, তথ্য যাচাইয়ের গুরুত্ব এবং গণতান্ত্রিক ও উদার মূল্যবোধ সমুন্নত রেখে একটি সচেতন, সম্প্রীতিপূর্ণ ও তথ্যনির্ভর সমাজ গঠনে সকলের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়। জেলা প্রশাসন, সিরাজগঞ্জ বিশ্বাস করে—অপপ্রচার নয়, সত্য ও দায়িত্বশীল তথ্যচর্চাই একটি গণতান্ত্রিক, সহনশীল ও প্রগতিশীল সমাজ বিনির্মাণের অন্যতম ভিত্তি। জে/এ
