
সাজু আহমেদ, খাগড়াছড়ি-
খাগড়াছড়ি পৌরসভার কলা বাগান এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ফার্নিচারের দোকান, কাঠের গোডাউন ও বসতঘরসহ অন্তত ৯ টি ব্যবসা প্রতিষ্ঠান ও আবাসিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় ৯০ লাখ থেকে ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। শুক্রবার (৬ নভেম্বর) রাত ২টা ৫০ মিনিটের দিকে খাগড়াছড়ি সেনানিবাসের ৪ নং গেট সংলগ্ন কলা বাগান এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, স্থানীয় সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া’র বাসভবন সংলগ্ন এলাকায় মো. গিয়াস উদ্দিনের ফার্নিচারের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের ফার্নিচারের দোকান, কাঠের গোডাউন ও আবাসিক বসতঘরে ছড়িয়ে পড়ে। এতে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ও বসতঘর পুড়ে যায়।
খবর পেয়ে বাংলাদেশ সেনাবাহিনী, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট, পুলিশ ও স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় ভোর ৪ টা ২৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছেন মো. রাজ্জাক, মো. নজরুল, মো. গিয়াস উদ্দিন, মো. রফিক ও মো. জয়নাল। তাঁদের ফার্নিচারের দোকান, কাঠের গোডাউন, কারখানা ও বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিক ভাবে বৈদ্যুতিক লাইনের অব্যবস্থাপনা কিংবা শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। এদিকে, ভয়াবহ এ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও পরিবারগুলো চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। আগুন নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপের পাশাপাশি পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। জে/এ
