ভঙ্গুর অর্থনীতিতে জনগণের কষ্ট লাঘবে সরকার কাজ করছে…. ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু

[print_bangla]

 

মোঃ মামুন অর-রশীদ,
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

ভঙ্গুর অর্থনীতি থেকে উত্তরণ এবং জনগণের কষ্ট লাঘবে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেছেন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণের পাশাপাশি নতুন উদ্যোক্তা তৈরি এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে মানুষের আয়-রোজগার বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার।

শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১১টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ স্কাউটস, দিনাজপুর অঞ্চলের তৃতীয় আঞ্চলিক কাব ক্যাম্পুরি-২০২৬-এর উদ্বোধন শেষে ক্যাম্প পরিদর্শন করেন মন্ত্রী। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও সাধারণ মানুষের কষ্ট লাঘবে সরকারের উদ্যোগ সম্পর্কে জানতে চাইলে মন্ত্রী বলেন, “আমরা একটি ভঙ্গুর অর্থনীতিতে দায়িত্ব গ্রহণ করেছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে জনগণের কষ্টগুলো লাঘব করার জন্য বিভিন্ন স্তরে কাজ করে যাচ্ছি। আমরা ফ্যামিলি কার্ড দিচ্ছি, কৃষক কার্ড দিচ্ছি, যাতে মানুষের সক্ষমতা তৈরি হয়। সবচেয়ে বড় বিষয় হলো, আমরা উদ্যোক্তা তৈরি করতে চাই, যাতে কর্মসংস্থান সৃষ্টি হয় এবং কর্মের মাধ্যমে মানুষের আয়-রোজগার বৃদ্ধি পায়।”

স্কাউটিংয়ের গুরুত্ব তুলে ধরে ত্রাণমন্ত্রী বলেন, ছোটবেলা থেকেই শিশুরা স্কাউটিংয়ের মাধ্যমে শৃঙ্খলার মধ্যে বেড়ে উঠলে তাদের জীবন সুন্দর ও সুশৃঙ্খল হবে। পাশাপাশি সমাজের নানা অনিয়ম ও বৈষম্য থেকেও তারা নিজেদের রক্ষা করতে পারবে।

তিনি আরও বলেন, বর্তমান সমাজে তরুণ ও যুবসমাজের একটি বড় অংশ মাদক ও ক্যাসিনো আসক্তিতে জড়িয়ে পড়ছে। নতুন প্রজন্মকে এসব আসক্তি থেকে দূরে রাখতে স্কাউটিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। একই সঙ্গে দুর্যোগ মোকাবিলা, দুর্যোগকালীন মানুষের পাশে দাঁড়ানো এবং জনসচেতনতা তৈরির কাজেও স্কাউট সদস্যদের সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

‘নীল আকাশ, সবুজ বন—স্কাউটিংয়ে গড়ি জীবন’ প্রতিপাদ্যে আয়োজিত তৃতীয় আঞ্চলিক কাব ক্যাম্পুরি-২০২৬-এ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ১ হাজার ২০০ ক্ষুদে স্কাউট অংশগ্রহণ করছে। ক্যাম্পুরিতে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলা, আত্মনির্ভরশীলতা, সহযোগিতার মনোভাব ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে বিভিন্ন শিক্ষামূলক, সৃজনশীল ও আনন্দঘন কার্যক্রমের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন, ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ডা. মো. আব্দুস সালাম এবং ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য মো. জাহিদুর রহমান।

এ ছাড়া উপস্থিত ছিলেন রাষ্ট্রপতির একান্ত সচিব (যুগ্ম সচিব) মো. আবু আউয়াল, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুরের সচিব অধ্যাপক নূর মো. আব্দুর রাজ্জাক, ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, অতিরিক্ত পুলিশ সুপার মো. খোদাদাস হোসেনসহ স্কাউটসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিক্ষক, আমন্ত্রিত অতিথি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্যাম্পুরির সাংগঠনিক কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক।

আয়োজকরা জানান, এ ধরনের আয়োজনের মধ্য দিয়ে শিশুরা প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি বাস্তব জীবনের নানা দক্ষতা অর্জনের সুযোগ পাবে। স্কাউটিংয়ের চেতনায় উদ্বুদ্ধ হয়ে তারা ভবিষ্যতে দায়িত্বশীল, মানবিক, আত্মনির্ভরশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠবে—এমন প্রত্যাশা আয়োজকদের।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ভঙ্গুর অর্থনীতিতে জনগণের কষ্ট লাঘবে সরকার কাজ করছে.... ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু

০৬ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top