কক্সবাজারে গাড়ি থামিয়ে ব্যবসায়ীকে গুলি

[print_bangla]

 

আবু বক্কর কক্সবাজার জেলা প্রতিনিধি
০৬ নভেম্বর ২০২৬,

কক্সবাজারের খরুলিয়ায় চলন্ত গাড়ির গতিরোধ করে মাহমুদুল হক (৫২) নামে এক ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে সদর উপজেলার খরুলিয়া রশিদ মেম্বারের গ্যাস পাম্পের সামনে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ ব্যবসায়ীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কক্সবাজার সদর হাসপাতাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গুলিবিদ্ধ মাহমুদুল হকের বাড়ি কক্সবাজার সদরের লিংক রোড এলাকায়। বর্তমানে তিনি পরিবার নিয়ে শহরের হাশেমিয়া মাদরাসা এলাকায় বসবাস করেন।
তার ভাষ্য অনুযায়ী, দুপুরে নোয়া গাড়ি নিয়ে রামুর উদ্দেশে রওনা হন তিনি। পথে খরুলিয়া এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে আসা ছয়জন তার গাড়ির গতিরোধ করে।

বিষয়টি বুঝতে পেরে তিনি গাড়ি থেকে নেমে পালানোর চেষ্টা করেন। এ সময় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে তার পিঠ, কোমরসহ শরীরের বিভিন্ন স্থানে গুলি লাগে। একটি গুলি শরীরের ভেতরে রয়ে গেছে বলে জানা গেছে।

পরে হামলাকারীরা পালিয়ে গেলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে  সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শারীরিক অবস্থার অবনতি ও আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

হামলার পেছনে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধকে দায়ী করেছেন মাহমুদুল হক। তার অভিযোগ, লিংক রোড এলাকার বিএনপি নেতা লিয়াকত আলীর সঙ্গে তার দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। ৫ আগস্টের পর তাদের এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য করা হয়। এ বিরোধের জেরেই লিয়াকত আলীর ভাই জায়েদ, কিতাব আলী ও ওয়াজেদ আলী এবং তাদের সহযোগী নাসেরসহ ছয়জন তার ওপর হামলা চালিয়েছেন বলে অভিযোগ করেন তিনি।

অভিযুক্ত কিতাব আলী জানান, আমি বাসায় ঘুমে ছিলাম। কিভাবে সেখানে যাব আমি? এ হামলার প্রশ্নই আসে না।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার পরপরই পুলিশের কয়েকটি দল মাঠে কাজ শুরু করেছে। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।
গত ২৪ মে কক্সবাজার আদালত চত্বরে প্রকাশ্যে অস্ত্র নিয়ে গুলিবর্ষণের ঘটনা ঘটে। ওই ঘটনায় বিএনপি নেতা লিয়াকত আলী ও তার ভাই জায়েদের নেতৃত্বে প্রতিপক্ষের লোকজনের ওপর হামলার অভিযোগ ওঠে। এতে একজন গুলিবিদ্ধ হয়েছিলেন।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

কক্সবাজারে গাড়ি থামিয়ে ব্যবসায়ীকে গুলি

০৬ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top