
ইফতেখার আলম, শেরপুর (বগুড়া) প্রতিনিধি-
সরকার ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ এবং আনন্দ টিভির ব্যবস্থাপনা পরিচালক হাসান তৌফিক আব্বাসের জন্মদিন উপলক্ষে বগুড়ার শেরপুরে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর ১২টায় শেরপুরে আনন্দ টিভির বগুড়া জেলা প্রতিনিধি বাধন কর্মকার কৃষ্ণের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় আমলকি, হরিতকি, আমসহ বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একই সঙ্গে শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক পৌর কাউন্সিলর ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শেরপুর উপজেলা শাখার আহ্বায়ক সৌমেন্দ্রনাথ ঠাকুর শ্যাম, শেরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক সরকার, সাবেক কাউন্সিলর গোবিন্দ বাগচী, প্রথম আলোর শেরপুর প্রতিনিধি সবুজ চৌধুরী, শেরপুর উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সৌরভ অধিকারী শুভ, সাহিত্য-সংস্কৃতি ও প্রচার সম্পাদক ইফতেখার আলম ফরহাদ, দপ্তর সম্পাদক বিমান মৈত্রেয়, সাংবাদিক শফিকুল ইসলাম শরীফ, রঞ্জন কুমার দে, নাজমুল হুদা নয়ন, উত্তম সরকার, রুহুল আমিনসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীরা। জে/এ
