
এমএফএইচ রাজু | ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের নেছারাবাদের জনপ্রিয় পর্যটন কেন্দ্র আটঘর-কুড়িয়ানা পেয়ারা বাগান এলাকায় উচ্চস্বরে সাউন্ডবক্স বাজিয়ে গণউপদ্রব সৃষ্টি করায় এক ব্যক্তিকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তার ব্যবহৃত দুটি সাউন্ডবক্স জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে আটঘর-কুড়িয়ানা পেয়ারা বাগান এলাকায় অভিযান পরিচালনা করেন নেছারাবাদ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হান মাহামুদ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পর্যটন এলাকায় উচ্চস্বরে সাউন্ডবক্স বাজিয়ে সাধারণ দর্শনার্থী ও পর্যটকদের স্বাভাবিক চলাচল এবং শান্তিপূর্ণ পরিবেশে বিঘ্ন সৃষ্টি করা হচ্ছিল। এ সময় অভিযান চালিয়ে গণউপদ্রব সৃষ্টির দায়ে মেহেদি হাসান নামে এক ব্যক্তিকে ২ হাজার টাকা জরিমানা করা হয় এবং তার সঙ্গে থাকা দুটি সাউন্ডবক্স জব্দ করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রায়হান মাহামুদ বলেন, পর্যটন এলাকায় আগত সবার আনন্দ ও বিনোদনের অধিকার রয়েছে। তবে কারও বিনোদন যেন অন্যের বিরক্তি বা গণউপদ্রবের কারণ না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। আটঘর-কুড়িয়ানা একটি গুরুত্বপূর্ণ পর্যটন এলাকা। এখানে শান্তি-শৃঙ্খলা ও পর্যটকবান্ধব পরিবেশ বজায় রাখতে প্রশাসনের নিয়মিত নজরদারি ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।
অভিযান শেষে উপস্থিত দর্শনার্থী ও স্থানীয়দের পর্যটন এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তার জারি করা নির্দেশনা মেনে চলার আহ্বান জানান ভ্রাম্যমাণ আদালত।
প্রশাসন জানিয়েছে, পর্যটকদের নিরাপদ ও স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।