
এমএফএইচ রাজু | ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলা সমাজসেবা অফিসের আওতাধীন ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ কার্যক্রমে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগের মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে।
উপজেলা সমাজসেবা অফিস সূত্রে জানা গেছে, আগামী ৩ আগস্ট ২০২৬ (সোমবার) সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়ামে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (২৮ জুলাই) উপজেলা সমাজসেবা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. আবুল হাসান স্বাক্ষরিত এক সংশোধিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভাণ্ডারিয়া পৌরসভা, তেলিখালী ও ইকড়ি ইউনিয়নের সকল আবেদনকারীকে নির্ধারিত তারিখে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এছাড়া ভিটাবাড়িয়া, নদমূলা, ধাওয়া ও গৌরীপুর ইউনিয়নের যেসব আবেদনকারী ২৫ জুলাই অনুষ্ঠিত মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেননি অথবা ওই তারিখের পর আবেদন করেছেন, কেবল তারাই নতুন সময়সূচি অনুযায়ী পরীক্ষায় অংশ নিতে পারবেন।
পরীক্ষার্থীদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি), শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতার সনদসহ (যদি থাকে) সকল প্রয়োজনীয় মূল কাগজপত্র এবং ইন্টারনেট সংযোগযুক্ত একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন সঙ্গে আনার জন্য অনুরোধ জানানো হয়েছে।
তবে ২৫ জুলাই ২০২৬ তারিখে অনুষ্ঠিত মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের পুনরায় পরীক্ষায় অংশগ্রহণের প্রয়োজন হবে না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
উপজেলা সমাজসেবা অফিস জানিয়েছে, নিয়োগ কার্যক্রমে স্বচ্ছতা ও সুষ্ঠুতা নিশ্চিত করতে নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা গ্রহণ করা হবে। এজন্য সকল আবেদনকারীকে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।