
মোঃ মহিউদ্দিন
বাঘাইছড়ি প্রতিনিধি
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে পরিত্যাক্ত অবস্থায় বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ উদ্ধার করেছে বিজিবি।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) এর ভারপ্রাপ্ত অধিনায়কের নির্দেশক্রমে প্রশিক্ষণটিলা বিজিবি ক্যাম্পের নায়েক মোঃ মাকসুদ আলম এর নেতৃত্বে একটি টহল দল বাঘাইছড়ি উপজেলাধীন প্রশিক্ষণটিলা চেকপোষ্ট এলাকায় অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে বিজিবি টহল দল পরিত্যাক্ত অবস্থায় মালিকবিহীন ১০১.১৯ ঘনফুট সেগুন কাঠ আটক করতে সক্ষম হয়।
আটককৃত কাঠের সিজার মূল্য ৪,৫৫,৩৫৫/- টাকা।
এ বিষয়ে মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর সম্মানিত জোন কমান্ডার লেঃ কর্ণেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন, মারিশ্যা জোন এর দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালান প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করে আসছে।
তিনি আরও বলেন, মারিশ্যা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় চোরাকারবারী কর্তৃক বিভিন্ন অভিনব পদ্ধতিতে চোরাচালানী তৎপরতা বৃদ্ধি পেয়েছে। তাই চোরাচালান প্রতিরোধকল্পে সর্বদা গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির পাশাপাশি আভিযানিক টহল কার্যক্রমের মাধ্যমে চোরাচালান দমন কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।