
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে চট্টগ্রামের আনোয়ারায় উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে ১১টি ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সংগঠনের আনোয়ারা সদরস্থ অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। আনোয়ারা উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক বাবু নির্মল কান্তি শীলের সভাপতিত্বে এবং সদস্য সচিব অঞ্জয় চৌধুরীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম এমপির একান্ত সচিব সাবেক ছাত্রনেতা আখতারুন্নবী চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে আখতারুন্নবী চৌধুরী বলেন, বর্তমান সরকার সকল ধর্মের মানুষের স্বাধীনতা ও সম-অধিকারে বিশ্বাসী। আসন্ন শারদীয় দুর্গোৎসব সুন্দর, সুশৃঙ্খল, শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে পালনে আনোয়ারা উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃত্বকে এমপির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।
তিনি বলেন, দুর্গাপূজাকে ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেদিকে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে কাজ করার আহ্বান জানান তিনি।
সভাপতির বক্তব্যে আহ্বায়ক বাবু নির্মল কান্তি শীল বলেন, প্রতিটি ইউনিয়ন ও মন্দির কমিটির সঙ্গে পরামর্শ করে আগামী দিনের কর্মপরিকল্পনা নির্ধারণ ও বাস্তবায়ন করা হবে। অতীতের মতো স্বেচ্ছাচারী প্রক্রিয়ায় কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হবে না। কোনো ধরনের অন্যায়, অনিয়ম ও দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম আহ্বায়ক অজিত আইচ, ধীপ্র মিত্র, রাহুল ধরসহ সদস্য অশোক বৈদ্য, জহরলাল সিকদার, ঝুমুর মহাজন, প্রকৌশলী ইমন দত্ত, সাংবাদিক কাঞ্চন সুশীল, ডা. রাজেশ্বর ধর বাসু, শিক্ষক রঞ্জিত দাশ, রিপন নাথ, কুবেল দাশ, সুদীপ নাথ, সজীব দাশসহ বিভিন্ন ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।
সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ইউনিয়ন ও মন্দির কমিটিগুলোর প্রস্তুতি, সমন্বয় এবং সার্বিক নিরাপত্তা বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও মতামত তুলে ধরা হয়।