
সিরাজুল ইসলাম রনি, রাজশাহী-
বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক প্রদত্ত সাধারণ অনুদানের চেক রাজশাহীতে ১০০ জন উপকারভোগীর মাঝে বিতরণ করা হয়েছে। হতদরিদ্র ও অসহায় ব্যক্তিদের পাশাপাশি শিক্ষা সহায়তা ও চিকিৎসা সহায়তার জন্য এসব অনুদান প্রদান করা হয়। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়, রাজশাহীর আয়োজনে এ চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহীর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলাম। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, সমাজের অসহায়, হতদরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদের সাধারণ অনুদান সমাজের পিছিয়ে পড়া মানুষের শিক্ষা, চিকিৎসা ও আর্থিক সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি বলেন, শিক্ষা ও চিকিৎসার মতো মৌলিক প্রয়োজন পূরণে এই ধরনের সহায়তা অসহায় মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুদানের অর্থ যথাযথ কাজে ব্যবহার করে উপকারভোগীদের নিজেদের জীবনমান উন্নয়নের পাশাপাশি স্বাবলম্বী হওয়ার চেষ্টা করার আহ্বান জানান তিনি। জেলা প্রশাসক আরও বলেন, সমাজের অসহায় মানুষের কল্যাণে সরকারি-বেসরকারি বিভিন্ন উদ্যোগের সমন্বয় আরও জোরদার করা প্রয়োজন। এর মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়, রাজশাহীর উপপরিচালক মুনিরা খাতুনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। পরে হতদরিদ্র ও অসহায় ব্যক্তি, শিক্ষা সহায়তা এবং চিকিৎসা সহায়তার জন্য মোট ১০০ জন উপকারভোগীর মাঝে বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদের সাধারণ অনুদানের চেক বিতরণ করা হয়। জে/এ
া