
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের অধীন ঢাকা মহানগর দক্ষিণ শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সহ-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সন্তান রিয়াজুল ইসলাম সজিব।
গত ৪ এপ্রিল কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত দলীয় প্যাডে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
রিয়াজুল ইসলাম সজিব মঠবাড়িয়া উপজেলার ৪ নম্বর দাউদখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি মৃত মো. আবুল হোসেনের পুত্র। ছাত্রজীবন থেকেই তিনি সক্রিয়ভাবে রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে সংগঠনের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করে আসছেন।
নতুন দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় সজিব বলেন, দল আমাকে যে দায়িত্ব দিয়েছে, তা সততা ও নিষ্ঠার সঙ্গে পালনের সর্বোচ্চ চেষ্টা করব। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী খালেদা জিয়া এবং তারুণ্যের নেতা তারেক রহমানের নেতৃত্বে সংগঠনকে আরও শক্তিশালী করতে কাজ করে যাব।
এদিকে, নতুন কমিটিতে গুরুত্বপূর্ণ পদে স্থান পাওয়ায় তার নিজ এলাকায় ছাত্রনেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাকে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন অনেকে।