
মনজু হোসেন, স্টাফ রিপোর্টার,পঞ্চগড়:
পঞ্চগড় সদর উপজেলার শীতা গ্রামে হেলিপ্যাড সংলগ্ন এলাকায় জামিয়া রাহমানিয়া আজিজিয়া মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। রোববার (৩ মে) আয়োজিত এক ধর্মীয় ও সুধী সমাবেশের মাধ্যমে এ ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাসচিব আল্লামা মাহফুজুল হক (দা.বা.)। তিনি বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের একজন শীর্ষ পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তি এবং ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের বোর্ড অব গভর্নরের প্রধান মুরুব্বী হিসেবেও দায়িত্ব পালন করছেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসাটির মুতাওয়াল্লি মোঃ আবু ইউসুফ। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, আলেম-ওলামা, সুধীজন এবং বিপুল সংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, দ্বীনি শিক্ষার পাশাপাশি আধুনিক ও যুগোপযোগী শিক্ষার সমন্বয়ে মাদ্রাসাটি একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে। তারা আশা প্রকাশ করেন, এ প্রতিষ্ঠান শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও ইসলামী আদর্শে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এলাকাবাসী জানান, শীতা গ্রামে প্রতিষ্ঠিতব্য এ মাদ্রাসাটি স্থানীয় শিক্ষার্থীদের জন্য একটি আধুনিক শিক্ষাকেন্দ্র হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রাখবে এবং এলাকার শিক্ষা ও সামাজিক উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে।