
ঝিনাইদহ প্রতিনিধি
সারাদেশের ন্যায় ঝিনাইদহেও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস’। এ উপলক্ষে ৩ মে (রবিবার) সন্ধ্যায় বাংলাদেশ প্রেসক্লাব ঝিনাইদহ জেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ‘শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠনে: মানবাধিকার, উন্নয়ন ও নিরাপত্তার জন্য মুক্ত গণমাধ্যম প্রচার’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট প্রবীণ সাংবাদিক ও শৈলকুপা মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক জনাব মোঃ আকমল হোসেন।
বাংলাদেশ প্রেসক্লাব ঝিনাইদহ জেলা শাখার সভাপতি সাংবাদিক স্বপন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সাকিবুল ইসলাম লাবু।
আলোচনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি জনাব মোঃ এম এ কবির, মির্জাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব আসাদুজ্জামান আসাদ এবং তরুণ সমাজসেবক ও ঝিনাইদহ জেলা যুবদল নেতা জনাব মোঃ সাজ্জাদুল হক মিলন।
প্রধান অতিথির বক্তব্যে জনাব আকমল হোসেন বলেন, “একটি সমৃদ্ধ ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে মুক্ত গণমাধ্যমের কোনো বিকল্প নেই। সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের অসঙ্গতিগুলো তুলে ধরতে হবে এবং রাষ্ট্রকে তাঁদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে হবে।”
সভাপতির বক্তব্যে স্বপন মাহমুদ বলেন, “বাংলাদেশ প্রেসক্লাব সবসময় সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষায় কাজ করে যাচ্ছে। আমরা ঝিনাইদহের সকল পর্যায়ের সংবাদকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সত্যের পথে আপসহীন থাকার আহ্বান জানাই।”
অনুষ্ঠানে বাংলাদেশ প্রেসক্লাবের বিভিন্ন উপজেলার সাংগঠনিক দায়িত্বশীল নেতৃবৃন্দ এবং জেলা ও উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে এক বিশেষ দোয়া মাহফিলের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ এবং প্রয়াত সাংবাদিকদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
এম/