
হৃদয় রায়হান কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় স্কুল শিক্ষকসহ ৭ জন আহত হয়েছেন।
রবিবার সকাল ৮টার দিকে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের বেগুনবাড়িয়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
হামলায় আহতরা হলেন—তারিখ, মানিক, আতিক, তরুন, অরুনসহ অন্তত ৭ জন। আহতদের মধ্যে ৫ জনকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদের মধ্যে মানিকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। সম্প্রতি একটি ছাগল হারানোকে কেন্দ্র করে তাদের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়। এর জের ধরে রবিবার সকালে কবীর হোসেনের নেতৃত্বে স্থানীয় কামাল, তোফাজ্জল, লিটনসহ প্রতিপক্ষের ১৫-২০ জন লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে উভয় পক্ষের ৯ জন আহত হন।
হামলায় আহত আতিক বলেন, হামলাকারীদের সাথে পূর্ব শত্রুতা ছিল। সম্প্রতি আমাদের একটি ছাগল গোপনে ধরে তারা জবাহ করে খেয়ে নেয়। এই ঘটনা জানাজানি হলে নতুন করে আমাদের সঙ্গে বিরোধের সৃষ্টি হয়।
আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Abu Yousuf khan…