
চুরি হওয়া ৩ হাজার ৯০০ টাকা, দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ও টিন কাটার প্লাস উদ্ধার
এমএফএইচ রাজু | ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় একটি মুদি দোকানে চুরির ঘটনায় মো. নয়ন (২২) নামে এক যুবককে ঝালকাঠি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চুরি হওয়া নগদ টাকা, দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও দোকানের টিন কাটতে ব্যবহৃত একটি প্লাস উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, শনিবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ১২টার পর যেকোনো একসময় উপজেলার দক্ষিণ শিয়ালকাঠী এলাকার গিয়াস উদ্দিন খানের মুদি দোকানে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ।
এর ধারাবাহিকতায় শনিবার বিকেলে ঝালকাঠি সদর থানাধীন কবরস্থান রোড এলাকার জাহাঙ্গীরের ভাড়াটিয়া বাসায় অভিযান চালিয়ে নয়নকে গ্রেপ্তার করা হয়। তিনি ভাণ্ডারিয়া উপজেলার ধাওয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং মৃত বাবুল বিশ্বাসের ছেলে।
অভিযানে তাঁর কাছ থেকে দোকান থেকে চুরি হওয়া ৩ হাজার ৯০০ টাকা, দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং দোকানের টিন কাটার কাজে ব্যবহৃত একটি প্লাস জব্দ করা হয়। এ ঘটনায় চুরির মামলা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।