
নওগাঁ জেলা প্রতিনিধি:
সৌদি আরবের রিয়াদে সোফা কারখানায় অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর আত্রাই উপজেলার ১১ জনের মধ্যে অবশিষ্ট চারজনের মরদেহ গতকাল শনিবার নিজ নিজ গ্রামের বাড়িতে পৌঁছেছে। পরে জানাজা শেষে তাঁদের দাফন সম্পন্ন করা হয়।
গত ৮ আগস্ট রিয়াদের শিফা থানাধীন মুসা সানাইয়া শিল্প এলাকায় একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ জন বাংলাদেশি শ্রমিক নিহত হন। তাঁদের মধ্যে ১১ জনই আত্রাই উপজেলার বাসিন্দা। এর আগে সাতজনের মরদেহ দেশে আনা হয়েছিল। ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় শনাক্ত করতে বিলম্ব হওয়ায় বাকি চারজনের মরদেহ দেশে আসতে দেরি হয়।
নিহত চারজন হলেন—ডুবাই গ্রামের হাসিবুল হাসান শুভ (২৫), মধ্যবোয়ালিয়া গ্রামের মিনহাজ প্রামাণিক (৩০), মাধবপুর গ্রামের মাসিদুল সরদার সজীব (২৫) ও সাধননগর গ্রামের সাগর আলী (২৬)।
মরদেহ বাড়িতে পৌঁছালে স্বজনদের আহাজারিতে এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়। পরে নিজ নিজ এলাকায় জানাজা শেষে তাঁদের দাফন করা হয়।
নিহত শুভর মা হেলেনা বেগম ছেলের সংসারের ঋণ পরিশোধ ও পরিবারের অভাব দূর করতে প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করেন।
আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, অগ্নিকাণ্ডে উপজেলার ১১ জন প্রবাসীকে হারিয়ে তাঁরা গভীরভাবে শোকাহত। মরদেহ দেশে আনা ও পরিবারের কাছে পৌঁছে দিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকারও আশ্বাস দেন তিনি।