
ফয়সাল, স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার ধুনট উপজেলায় জমিজমা নিয়ে বিরোধের জের ধরে হত্যাচেষ্টা মামলার আসামিদের বিরুদ্ধে অবৈধভাবে দুই কৃষকের ৯৩ শতক জমির কাঁচা ধান কেটে নেওয়ার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (৫মে) দুপুর ১টায় ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এরআগে এ ঘটনায় সোমবার বিকেলে ক্ষতিগ্রস্থ কৃষক পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার গোপালনগর ইউনিয়নের চক ডাকাতিয়া গ্রামের আদর্শ কৃষক কামাল পাশা ও তার ভাই রাজু সরকার দীর্ঘদিন ধরে বাড়ির অদুরে ৯৩ শতক জমি দুইজন ভোগদখল করে আসছেন। ওই জমি নিয়ে দুই ভাইয়ের সঙ্গে একই গ্রামের কুশা মন্ডলের ছেলে মধু মন্ডল ও তার লোকজনের বিরোধ রয়েছে। পূর্ব বিরোধের জেরে ২৪ মার্চ সকাল সাড়ে ৬টায় মধু মন্ডল ও তার লোকজন হত্যার উদ্দেশ্যে রাজু সরকারের ওপর হামলা চালায়। এ সময় হামলাকারীদের মারপিটে রাজু সরকারের ২টি দাঁত ও একটি পা ভেঙে গেছে। এ ঘটনায় রাজু সরকারের ছেলে রাজিব সরকার বাদি হয়ে মধু মন্ডল সহ ৭ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।
এ অবস্থায় চলতি মৌসুমে কামাল পাশা ও রাজু সরকার ওই ৯৩ শতক জমিতে বোরো ধান রোপন করেছেন। ওই জমির ধানগাছ বেড়ে উঠে থোর ধরতে শুরু করেছে। এ অবস্থায় রোববার রাতে মধু মন্ডল ও তার লোকজন ৯৩ শতক জমির ধান কেটে নিয়ে গেছে। এতে দুই ভাইয়ের প্রায় ৭৫ হাজার টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় কামাল পাশার মেয়ে সূবর্না খাতুন বাদি হয়ে মধু মন্ডল সহ ১৭ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন।
এ বিষয়ে মধু মন্ডল বলেন, আগে কামাল পাশ ও রাজু অবৈধভাবে ওই জমি ভোগদখল করেছে। এ ঘটনায় আইন আদালত করে আমি ওই জমির রায় পেয়েছি। এ কারণে আমার জমির ধান আমি কেটে নিয়েছি।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, জমিজমা নিয়ে দুই পরিবারের মাঝে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে। ধান কাটার অভিযোগটি তদন্ত করার জন্য একজন পুলিশ কর্মকর্তাকে (এএসআই) দায়িত্ব দেওয়া হয়েছে।