সহনশীল ও উদার রাজনৈতিক সংস্কৃতির আহ্বান মির্জা ফখরুলের, ‘জনগণই ঠিক করবে কারা নেতৃত্ব দেবে’

[print_bangla]

মোঃ মামুন অর-রশীদ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

দেশে সব রাজনৈতিক দলের জন্য সমান রাজনৈতিক অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশে একটি সুন্দর, সুষ্ঠু, সহনশীল ও উদারপন্থী রাজনৈতিক পরিবেশ গড়ে তুলতে হবে। রাজনৈতিক দলগুলোকে স্বাধীনভাবে তাদের কর্মসূচি পরিচালনা এবং জনগণের সামনে নিজেদের বক্তব্য তুলে ধরার সুযোগ দিতে হবে। জনগণই শেষ পর্যন্ত তাদের পছন্দের নেতৃত্ব নির্বাচন করবে।
বুধবার (৩ জুন) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার কুমারপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক নাগরিক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “আমরা দেশে এমন একটি রাজনৈতিক সংস্কৃতি চাই, যেখানে সব রাজনৈতিক দল স্বাধীনভাবে কাজ করতে পারবে। তাদের কথা বলার সুযোগ থাকবে, জনগণের কাছে নিজেদের অবস্থান তুলে ধরতে পারবে। এরপর জনগণই সিদ্ধান্ত নেবে কে দেশের নেতৃত্ব দেবে।”
এলাকাবাসীর দেওয়া বিপুল সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, কুমারপুর একটি ঐতিহ্যবাহী জনপদ। অধিকার আদায়, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং কৃষক-ছাত্র আন্দোলনের ইতিহাস এই এলাকার সঙ্গে জড়িয়ে আছে। আমরা মহান মুক্তিযুদ্ধের বীর শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের অবদান কখনো ভুলব না।”
বিগত সরকারের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, ফ্যাসিবাদী শাসনের সময় বিএনপির নেতা-কর্মীরা নির্যাতন-নিপীড়নের মধ্যে দিন কাটিয়েছেন। অনেকেই স্বাভাবিকভাবে ঘুমাতে পারেননি। দেশের অর্থনীতি ধ্বংস করা হয়েছে, লুটপাট হয়েছে এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করে দেওয়া হয়েছে।
তিনি দাবি করেন, অতীতের নির্বাচনে অনিয়ম ও কারচুপির ঘটনা ঘটলেও সাম্প্রতিক নির্বাচনে জনগণ স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ পেয়েছে। তিনি বলেন, জনগণ বিএনপির ওপর এবং তারেক রহমান-এর নেতৃত্বের ওপর আস্থা রেখেছে। সেই আস্থার প্রতিফলন হিসেবে বিএনপি বিপুল সমর্থন ও সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, “এখন বিএনপির দায়িত্ব অনেক বেড়ে গেছে। জনগণ আমাদের ওপর বিশ্বাস রেখেছে। সেই বিশ্বাসের মর্যাদা দিতে হবে। জনগণের কল্যাণে কাজ করে সেই আস্থার প্রতিদান দিতে হবে।”
তিনি আরও বলেন, শুধু শক্তি প্রয়োগ বা দমন-পীড়নের মাধ্যমে ক্ষমতায় টিকে থাকা যায় না। জনগণের সমর্থনই রাজনৈতিক শক্তির মূল ভিত্তি। বিএনপি বারবার জনগণের ভোটে নির্বাচিত হয়েছে, কারণ জনগণ বিশ্বাস করে বিএনপি উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজ করতে সক্ষম।
অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এর আগে স্থানীয় সরকারমন্ত্রী ভূল্লী উপজেলা নির্বাহী কর্মকর্তার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন করেন।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ প্রকাশিত

সহনশীল ও উদার রাজনৈতিক সংস্কৃতির আহ্বান মির্জা ফখরুলের, ‘জনগণই ঠিক করবে কারা নেতৃত্ব দেবে’

০৩ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top