
মোঃ ফিরোজ আহমেদ,
নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁর আত্রাই রেলওয়ে স্টেশন এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় মো. রাফু (১১) ও জিহাদ (১০) নামে দুই শিশুকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ১টার দিকে স্টেশনের প্ল্যাটফর্ম থেকে তাদের উদ্ধার করে আত্রাই থানায় নেওয়া হয়। বর্তমানে তারা পুলিশ হেফাজতে নিরাপদে রয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ জেলার পাইকসা গ্রামের বাসিন্দা শিশু দুটিকে সুজন নামে এক ব্যক্তি আত্রাইয়ে নিয়ে আসেন। পরে তিনি তাদের রেলস্টেশনের প্ল্যাটফর্মে রেখে চলে যান বলে জানা গেছে।
শিশু দুটির কান্নাকাটি ও ঘোরাফেরা দেখে স্থানীয়দের সন্দেহ হলে তারা এগিয়ে আসেন। পরে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। শিশুরা তাদের মায়ের নাম মোছা. বিলকিস বেগম এবং গ্রামের নাম বলতে পারলেও বিস্তারিত ঠিকানা জানাতে পারেনি। আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম জানান, স্থানীয়রা শিশু দুটিকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছেন। তাদের পরিবারের সদস্য ও স্বজনদের সন্ধানে পুলিশ যোগাযোগ ও প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তিনি আরও জানান, শিশু দুটির পরিবার বা স্বজনদের পরিচয় জানা থাকলে কিংবা তাদের সম্পর্কে কোনো তথ্য থাকলে আত্রাই থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে। জে/এ
