
সচেতনতামূলক লিফলেট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন ইউএনও হাসিবুল হাসান
এমএফএইচ রাজু | ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় মাদক, ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনসহ সব ধরনের অপরাধ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভাণ্ডারিয়া মাদক ও অপরাধ প্রতিরোধ মঞ্চ’। এ উপলক্ষে সোমবার (২৬ অক্টোবর) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাসিবুল হাসানকে ফুলেল শুভেচ্ছা জানানো এবং সচেতনতামূলক লিফলেট প্রদান করেছে সংগঠনটি।
এ সময় ইউএনও হাসিবুল হাসান জনসাধারণের মধ্যে সচেতনতামূলক বার্তা পৌঁছে দিতে লিফলেট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে সংগঠনের আহ্বায়ক মো. শামসুল হক খোকন, সদস্যসচিব মো. মেহেদী হাসান, বিশিষ্ট ব্যবসায়ী মো. আহাদ জোমাদ্দারসহ সংগঠনের অন্যান্য দায়িত্বশীল ব্যক্তি উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মাদক ও বিভিন্ন অপরাধের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার বিষয়ে আলোচনা করা হয়। বিশেষ করে তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা, নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ প্রতিরোধে সাধারণ মানুষকে সচেতন ও সক্রিয় করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সংগঠনের দায়িত্বশীলরা জানান, মাদক ও অপরাধমুক্ত ভাণ্ডারিয়া গড়ে তোলার লক্ষ্যে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি, সামাজিক প্রতিরোধ জোরদার এবং প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।
তাঁরা মনে করেন, শুধু আইন প্রয়োগের মাধ্যমে নয়, বরং পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই অপরাধ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখা সম্ভব। এ ক্ষেত্রে প্রশাসনের সহযোগিতা ও জনসাধারণের সচেতন অংশগ্রহণ গুরুত্বপূর্ণ।
সম্মিলিত প্রচেষ্টায় ভাণ্ডারিয়াকে নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত জনপদ হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন সংগঠনের নেতারা।