ঝিনাইদহের জ্যেষ্ঠ সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব বি এম আনোয়ার হোসাইন আর নেই

[print_bangla]

মাকসুদুল হক,ঝিনাইদহ জেলা প্রতিনিধি-  ঝিনাইদহের সাংবাদিকতা ও সাংস্কৃতিক অঙ্গনের অত্যন্ত পরিচিত, সচেতন ও সজ্জন ব্যক্তিত্ব এবং ঝিনাইদহ প্রেস ইউনিটের সাধারণ সম্পাদক বি এম আনোয়ার হোসাইন আর নেই। আজ ২৬ অক্টোবর (সোমবার) দুপুর আনুমানিক ১টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল আনুমানিক ৫০ বছর। পারিবারিক সূত্রে জানা গেছে, আজ দুপুরে হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করলে তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু দুপুর ১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আজই আসর নামাজ শেষে ঝিনাইদহ শহরের শেখপাড়া হামদহ এলাকায় মরহুমের নিজ বাসভবন প্রাঙ্গণে তাঁর জানাজার নামাজ ও দাফন প্রক্রিয়া অনুষ্ঠিত হবে।

বি এম আনোয়ার হোসাইন দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে ঝিনাইদহের সাংস্কৃতিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। তিনি জেলার অন্যতম শীর্ষস্থানীয় সাংস্কৃতিক সংগঠন ‘দীপায়ন সংস্কৃতি চর্চা কেন্দ্র’ (দীপায়ন সাংস্কৃতিক একাডেমী)-এর প্রতিষ্ঠাতা ছিলেন। একই সাথে তিনি ঝিনাইদহের সাংবাদিকতা জগতেরও একটি অত্যন্ত প্রিয় ও পরিচিত মুখ ছিলেন। তাঁর এই আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ঝিনাইদহের সর্বস্তরের মানুষের মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে। শোকাহত সহকর্মী, গণমাধ্যমকর্মী, কবি, সাহিত্যিক ও নাট্যজনসহ নানা শ্রেণির মানুষ তাঁর শেষ শয়ানে শ্রদ্ধা নিবেদন করতে ছুটে যান। এদিকে প্রবীণ এই সাংবাদিকের মৃত্যুতে বাংলাদেশ প্রেসক্লাব ঝিনাইদহ জেলা শাখা, ঝিনাইদহ প্রেস ইউনিট, ঝিনাইদহ প্রেসক্লাবসহ স্থানীয় সকল গণমাধ্যমকর্মী ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।

এক যৌথ শোকবার্তায় সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিক সহকর্মীরা বলেন, “তাঁর মৃত্যুতে ঝিনাইদহের সাংবাদিক ও সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর এই চলে যাওয়া সংশ্লিষ্ট সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও পরিচিতজনদের জন্য গভীর বেদনার। মহান আল্লাহ তাআলা মরহুমকে ক্ষমা করে দিন, তাঁর জীবনের সকল ভুলত্রুটি মার্জনা করুন এবং তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। শোকসন্তপ্ত পরিবার-পরিজনকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি ও ধৈর্য দান করুন।” বি এম আনোয়ার হোসাইনের অকাল প্রয়াণে আরও শোক ও দুঃখ প্রকাশ করেছে ঝিনাইদহের বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন। পৃথক শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

a/j

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ঝিনাইদহের জ্যেষ্ঠ সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব বি এম আনোয়ার হোসাইন আর নেই

২৬ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top