
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ-
বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ-২০২৬ এর প্রথম দিনের কার্যক্রম শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন করা হয়। বৃহস্পতিবার (১৮ জুন) সিরাজগঞ্জ পুলিশ লাইন্সে নিয়োগ কার্যক্রমের প্রথম দিনে প্রার্থীদের কাগজপত্র যাচাইকরণ ও শারীরিক মাপ পরীক্ষা অনুষ্ঠিত হয়। নিয়োগ বোর্ডের সভাপতি ও সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার) পুরো কার্যক্রম তদারকি করেন। এ সময় তিনি যোগ্য প্রার্থীদের উদ্দেশ্যে বলেন, নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের আর্থিক লেনদেন কিংবা দালাল চক্রের সঙ্গে যোগাযোগ না করতে। তিনি জানান, সম্পূর্ণ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতেই নিয়োগ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, সিরাজগঞ্জ জেলা পুলিশ একটি মেধাভিত্তিক, স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এজন্য সকল প্রার্থীর সহযোগিতা ও শৃঙ্খলাপূর্ণ অংশগ্রহণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। এ সময় নিয়োগ বোর্ডের সম্মানিত সদস্য, পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক মনোনীত প্রতিনিধি, সিরাজগঞ্জ জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ এবং মেডিকেল বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন। জে/এ
