
জগন্নাথপুর প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুরে হিন্দু ধর্মীয় কীর্তন অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ হওয়া চারজনের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) দিবাগত রাত আনুমানিক ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে জগন্নাথপুর পৌরসভার পশ্চিম ভবানীপুর এলাকার মইয়ার হাওরের বালুচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে জগন্নাথপুর পৌরসভার পূর্ব ভবানীপুর গ্রামের কয়েকজন বাসিন্দা পার্শ্ববর্তী ভরাউট গ্রামে একটি হিন্দু ধর্মীয় কীর্তন অনুষ্ঠানে অংশ নিতে নৌকাযোগে যান। অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে মইয়ার হাওরের বালুচর এলাকায় নৌকাটি ডুবে যায়। নৌকায় থাকা ৯ জনের মধ্যে ৫ জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও বাকি ৪ জন নিখোঁজ হন।
নিখোঁজরা হলেন পূর্ব ভবানীপুর গ্রামের হেমেন্দ্র দেব নাথ (৩০), সত্যেন্দ্রনাথ (সতীনাথ) দেব নাথ (৬৫), অরুণ দেবনাথ (৪০) এবং অধীর দেবনাথ (৩৫)।
শনিবার সকাল সাড়ে ১১টার দিকে মইয়ার হাওর থেকে নিখোঁজ অরুণ দেবনাথের মরদেহ উদ্ধার করা হয়।
খবর পেয়ে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন এবং জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম তদারকি করেন। ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় বাকি নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
জগন্নাথপুর থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, কীর্তন অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে নৌকাডুবির ঘটনায় চারজন নিখোঁজ হন। তাদের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং বাকিদের উদ্ধারে অভিযান চলছে।