
ফয়সাল, স্টাফ রিপোর্টার-
বগুড়ার ধুনটে সড়কে অতিরিক্ত বালু বহনের দায়ে ১২ ট্রাক চালকের কাছ থেকে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালত। শুক্রবার রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত ধুনট-শেরপুর আঞ্চলিক সড়কের পূর্ব ভরণশাহী বাইপাস মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন। এ সময় ধুনট থানার ওসি আতিকুল ইসলামসহ অন্য পুলিশ সদস্যরা উপস্থিত থেকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনায় সহযোগিতা করেন। এর আগে মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম মানাস মিডিয়ায় আঞ্চলিক সড়কে অতিরিক্ত বালুবাহী ট্রাকের বেপরোয়া চলাচল এবং সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়ে একাধিক প্রতিবেদন প্রকাশিত হলে বিষয়টি প্রশাসনের নজরে আসে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অতিরিক্ত বালুবাহী ট্রাকের কারণে ধুনট-শেরপুর আঞ্চলিক সড়কের বিভিন্ন স্থানে দ্রুত খানাখন্দের সৃষ্টি হচ্ছে। এতে সাধারণ মানুষের চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে। ফলে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে অতিরিক্ত বালুবাহী ১২ ট্রাক চালকের কাছ থেকে ১৫ হাজার টাকা জরিমানা আদায় এবং ভবিষ্যতে সড়কে অতিরিক্ত মালামাল বহন না করার জন্য সতর্ক করা হয়। ধুনট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন জানান, সড়ক রক্ষা এবং জনদুর্ভোগ কমাতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। অতিরিক্ত মালামাল বহনকারী যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে। জে/এ
