শনিবার ১৩ই জুন, ২০২৬ ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩

শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তাকে উৎসাহ দিচ্ছে সরকার : প্রতিমন্ত্রী আব্দুল বারী

[print_bangla]

এম আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার-

জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বলেছেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তরুণ প্রজন্মকে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের সঙ্গে সম্পৃক্ত করার বিকল্প নেই। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের বিজ্ঞানী, গবেষক ও উদ্যোক্তা। তাদের মেধা ও সৃজনশীলতাকে বিকশিত করার জন্য সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। সেই সঙ্গে শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তাকে উৎসাহ দিচ্ছে সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনীর মতো আয়োজন শিক্ষার্থীদের নতুন কিছু ভাবতে, সৃষ্টি করতে এবং দেশের উন্নয়নে অবদান রাখতে অনুপ্রাণিত করবে।
শুক্রবার (১২ জুন ) বিকালে আক্কেলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আমি আশা করি, এখান থেকে উঠে আসা অনেক উদ্ভাবনী ধারণা একদিন জাতীয় পর্যায়ে স্বীকৃতি পাবে এবং দেশের অর্থনৈতিক ও প্রযুক্তিগত অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বর্তমান বিশ্বে যে জাতি বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনে এগিয়ে থাকবে, সেই জাতিই উন্নয়ন ও সমৃদ্ধির শীর্ষে অবস্থান করবে। আমাদের শিক্ষার্থীদের মধ্যে অপরিসীম মেধা ও সম্ভাবনা রয়েছে। তাদের সঠিক দিকনির্দেশনা, প্রয়োজনীয় সুযোগ-সুবিধা এবং প্রযুক্তিগত সহায়তা নিশ্চিত করা গেলে তারা বিশ্বমানের উদ্ভাবক ও উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে সক্ষম হবে। তিনি বলেন, ‘শুধু পাঠ্যপুস্তক ভিত্তিক শিক্ষায় সীমাবদ্ধ থাকলে চলবে না। শিক্ষার্থীদের বাস্তব সমস্যার সমাধান খুঁজে বের করার সক্ষমতা অর্জন করতে হবে। বিজ্ঞান ভিত্তিক চিন্তা, গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে তারা দেশের কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, শিল্প এবং তথ্যপ্রযুক্তি খাতে নতুন নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারবে। সরকার সেই লক্ষ্যেই তরুণদের উদ্ভাবনী কর্মকাণ্ডকে উৎসাহিত করছে এবং বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তাদের পাশে রয়েছে।’ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণা, বিজ্ঞানভিত্তিক প্রকল্প ও প্রযুক্তি নির্ভর স্টার্টআপ ভাবনা প্রদর্শন করে।শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন মডেল, প্রযুক্তিগত উদ্ভাবন এবং বাস্তব সমস্যার সমাধান ভিত্তিক প্রকল্প দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে। এসময় প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী শিক্ষার্থীদের প্রকল্পগুলো ঘুরে দেখেন।
আয়োজকরা জানান, বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর নতুন প্রজন্ম গড়ে তোলার পাশাপাশি তরুণদের মধ্যে সৃজনশীলতা ও গবেষণামুখী মনোভাব তৈরির লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা তাদের মেধা, দক্ষতা ও উদ্ভাবনী সক্ষমতা প্রকাশের সুযোগ পেয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে এবং এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (EESS)-এর সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচি তরুণদের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন। আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক-উর-রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন প্রতিমন্ত্রী পত্নী নাজমা আরা বেগম, উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান কমল, সাধারণ সম্পাদক আরিফ ইফতেখার আহম্মেদ রানা এবং সাবেক পৌর মেয়র ও বিএনপি নেতা আলমগীর চৌধুরী বাদশা। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, কর্মচারী, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। তারা প্রদর্শিত প্রকল্পগুলো ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রচেষ্টার প্রশংসা করেন। জে/এ

 

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তাকে উৎসাহ দিচ্ছে সরকার : প্রতিমন্ত্রী আব্দুল বারী

১৩ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top