রবিবার ২রা আগস্ট, ২০২৬ ১৮ই শ্রাবণ, ১৪৩৩

খাল খনন শেষে ১৪ লাখ টাকা সরকারি কোষাগারে জমা দিলেন ভাণ্ডারিয়ার ইউএনও

[print_bangla]

এমএফএইচ রাজু | ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

সরকারি উন্নয়ন প্রকল্পের কাজ সম্পন্ন করে অবশিষ্ট ১৪ লাখ টাকা সরকারি কোষাগারে জমা দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. হাসিবুল হাসান।

জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি)-এর আওতায় ভাণ্ডারিয়া উপজেলার নেছারউদ্দিন মাধ্যমিক বিদ্যালয় থেকে মাহাজনের বাড়ি পর্যন্ত ভারানীর খাল এবং চরখালি কাটাখাল পুনঃখনন প্রকল্প গ্রহণ করা হয়। প্রকল্পের আওতায় মোট ২ দশমিক ৩৫ কিলোমিটার খাল পুনঃখননের জন্য ৭৭ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়।

প্রকল্পের কাজ বাস্তবায়নের সময় সরকারি বরাদ্দ ও অনুমোদিত নকশা অনুযায়ী খাল পুনঃখনন সম্পন্ন করা হয়। শুধু তাই নয়, স্থানীয় জনগণের দীর্ঘদিনের চলাচল সমস্যার কথা বিবেচনা করে খালের পাশে একটি ইট-সলিং সড়কও নির্মাণ করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, খাল পুনঃখনন ও সড়ক নির্মাণের মতো অতিরিক্ত কাজ সম্পন্ন করার পরও বরাদ্দকৃত অর্থের মধ্যে ১৪ লাখ টাকা অব্যয়িত থাকে। পরে সরকারি আর্থিক বিধিমালা অনুসরণ করে ওই অর্থ সরকারি কোষাগারে ফেরত জমা দেওয়া হয়।

ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাসিবুল হাসান বলেন, সরকারি বরাদ্দ ও নির্ধারিত নকশা অনুযায়ী ভারানীর খাল ও চরখালি কাটাখালের পুনঃখনন কাজ সম্পন্ন করা হয়েছে। একই সঙ্গে স্থানীয় জনগণের সুবিধার্থে খালের পাশে একটি ইট-সলিং রাস্তা নির্মাণ করা হয়েছে। সব কাজ শেষ হওয়ার পর উদ্বৃত্ত থাকা ১৪ লাখ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

স্থানীয়রা জানান, খাল পুনঃখননের ফলে এলাকার জলাবদ্ধতা নিরসন, পানি প্রবাহ বৃদ্ধি এবং কৃষি কার্যক্রমে ইতিবাচক প্রভাব পড়বে। পাশাপাশি নতুন নির্মিত সড়ক স্থানীয় মানুষের চলাচল সহজ করেছে।

প্রকল্পের কাজ শেষে অবশিষ্ট অর্থ সরকারি কোষাগারে ফেরত দেওয়ার ঘটনাকে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসনের ইতিবাচক উদাহরণ হিসেবে দেখছেন স্থানীয় সচেতন মহল। তারা মনে করছেন, সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত হলে উন্নয়ন কর্মকাণ্ডে জনগণের আস্থা আরও বৃদ্ধি পাবে।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

খাল খনন শেষে ১৪ লাখ টাকা সরকারি কোষাগারে জমা দিলেন ভাণ্ডারিয়ার ইউএনও

০২ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top