বৃহস্পতিবার ৩রা সেপ্টেম্বর, ২০২৬ ১৯শে ভাদ্র, ১৪৩৩

আমতলীতে স্কুলছাত্র জাভেদ ইমন হত্যার বিচার দাবিতে রাজপথে শিক্ষার্থী-জনতা, মহাসড়ক অবরোধ

[print_bangla]

মাইনুল ইসলাম রাজু, আমতলী (বরগুনা) প্রতিনিধি:

বরগুনার আমতলীতে নবম শ্রেণির শিক্ষার্থী জাভেদ ইমন (১৫) হত্যার রহস্য উদঘাটন, হত্যাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে রাজপথে নেমেছেন শিক্ষার্থী ও এলাকাবাসী। রবিবার সকাল ১১টার দিকে আমতলী-ঢাকা-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কের আমতলী একে স্কুল চৌরাস্তা মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।

অবরোধ কর্মসূচিতে আমতলী সরকারি আরমান খোরশেদ মডেল পাইলট হাইস্কুলের শিক্ষক-শিক্ষার্থী, জাভেদ ইমনের সহপাঠী এবং আরপাঙ্গাশিয়া ইউনিয়নের শত শত নারী-পুরুষ অংশ নেন। এ সময় মহাসড়কের উভয় পাশে বিভিন্ন রুটে চলাচলকারী অর্ধশতাধিক বাস ও ট্রাক আটকা পড়ে। সৃষ্টি হয় দীর্ঘ যানজট।

নিহত জাভেদ ইমন আমতলী উপজেলার আরপাঙ্গাশিয়া ইউনিয়নের মধ্য আরপাঙ্গাশিয়া গ্রামের আব্দুল আউয়াল প্যাদার ছেলে। সে আমতলী সরকারি আরমান খোরশেদ মডেল পাইলট হাইস্কুলের নবম শ্রেণির মেধাবী শিক্ষার্থী ছিল।

পরিবার সূত্রে জানা যায়, গত ২৬ জুলাই বিকেল ৫টার দিকে জাভেদ ইমন নিখোঁজ হয়। নিখোঁজের পর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে তার বাবা আব্দুল আউয়াল প্যাদা আমতলী থানায় সাধারণ ডায়েরি করেন।

গত ২৯ জুলাই সন্ধ্যায় স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আমতলী থানা ও তালতলী নৌপুলিশ পায়রা নদীর আরপাঙ্গাশিয়া খাল থেকে বস্তাবন্দি অবস্থায় একটি অজ্ঞাত মরদেহ উদ্ধার করে। পরে মরদেহের পরনের প্যান্ট ও পায়ের জুতা দেখে পরিবারের সদস্যরা সেটি জাভেদ ইমনের মরদেহ হিসেবে শনাক্ত করেন।

মরদেহের ময়নাতদন্ত শেষে বেওয়ারিশ হিসেবে দাফন করা হলেও পরে পরিবারের সদস্যদের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত হয়। এ ঘটনায় জাভেদ ইমন হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে ক্ষোভে ফেটে পড়েন তার সহপাঠী, শিক্ষক ও এলাকাবাসী।

রবিবার সকাল ১১টার দিকে তারা আমতলী একে স্কুল চৌরাস্তা মোড়ে আমতলী-ঢাকা-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন। প্রায় এক ঘণ্টা ধরে চলা অবরোধের কারণে সড়কের দুই পাশে বিভিন্ন রুটে চলাচলকারী অর্ধশতাধিক বাস, ট্রাকসহ অন্যান্য যানবাহন আটকা পড়ে।

খবর পেয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন ঘটনাস্থলে ছুটে আসেন। তিনি শিক্ষার্থী ও এলাকাবাসীকে জাভেদ ইমন হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার আশ্বাস দিলে অবরোধকারীরা কর্মসূচি প্রত্যাহার করেন।

সড়ক অবরোধ চলাকালে বক্তব্য দেন আমতলী সরকারি আরমান খোরশেদ মডেল পাইলট হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. বজলুর রহমান, যুবদল নেতা মো. মোমেন আকন এবং নিহত জাভেদ ইমনের ভাই ইমরান প্যাদা।

তালতলী নিন্দ্রা সখিনা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক সাগর ভদ্র বলেন, “জাভেদ ইমন হত্যাকাণ্ডের বিষয়টি আমরা অধিক গুরুত্ব সহকারে তদন্ত করছি। আশা করি, অতিদ্রুত অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা সম্ভব হবে।”

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, “জাভেদ ইমন নিহতের ঘটনায় পুলিশ বাদী হয়ে গত ২৯ জুলাই আমতলী থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছে। যেহেতু নদী থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে, তাই মামলাটি তালতলী নৌপুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তদন্তে আমতলী থানা পুলিশ তাদের সহযোগিতা করছে।”

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

আমতলীতে স্কুলছাত্র জাভেদ ইমন হত্যার বিচার দাবিতে রাজপথে শিক্ষার্থী-জনতা, মহাসড়ক অবরোধ

১৬ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top