
মাইনুল ইসলাম রাজু,
আমতলী (বরগুনা) প্রতিনিধি-
আমতলীতে কোচিং চলাকালে সহপাঠীর দেওয়া আখরোট খেয়ে সপ্তম শ্রেণির সাত ছাত্রী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের কয়েকজনের বমি, শ্বাসকষ্ট ও খিঁচুনি দেখা দিয়েছে। বুধবার রাত সাড়ে ৮টার দিকে আমতলী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের কোচিং সেন্টারে এ ঘটনা ঘটে। অভিভাবক ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে বিদ্যালয়ের সপ্তম শ্রেণির কোচিং চলছিল। এ সময় আবির (১৩) নামে এক ছাত্র তার সাত সহপাঠীকে আখরোট খেতে দেয়। আখরোট খাওয়ার কিছুক্ষণ পরই তারা অসুস্থ হয়ে পড়ে। একপর্যায়ে কয়েকজন বমি করতে শুরু করে। পরে কয়েকজনের শ্বাসকষ্ট ও খিঁচুনিও দেখা দেয়।
ঘটনার পর উপস্থিত অভিভাবক ও সহপাঠীরা দ্রুত অসুস্থ ছাত্রীদের আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
অসুস্থ ছাত্রীরা হলো—এলমা (১৩), সামিয়া (১৩), মিম (১৩), ফাতেমা (১৩), তানিয়া (১৩), উর্মি (১৩) ও মরিয়ম (১৩)। তারা সবাই সপ্তম শ্রেণির শিক্ষার্থী। হাসপাতালে চিকিৎসাধীন কয়েকজন ছাত্রীকে বারবার বমি করতে দেখা যায়। চিকিৎসকেরা তাদের প্রয়োজনীয় চিকিৎসা ও স্যালাইন দেন। অসুস্থ ছাত্রী ফাতেমার বাবা আবুল হোসেন বলেন, মেয়ের অসুস্থতায় তারা উদ্বিগ্ন। কী কারণে এমন ঘটনা ঘটেছে, তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
এলমার বাবা রিয়াজ পেদা উদ্দীন বলেন, ‘মেয়েকে স্কুলে পড়াশোনার জন্য পাঠিয়েছি। সেখানে এমন ঘটনা ঘটবে, তা কখনো আশা করিনি।’ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজমুল হাসান নান্নু বলেন, কী কারণে এমন ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে আবির নামে এক শিক্ষার্থী ছাত্রীদের আখরোট খেতে দিয়ে ছিল বলে শুনেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হবে। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সোলাইমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শুভেন্দু রায় শুভ বলেন, অসুস্থ হয়ে হাসপাতালে আসা শিক্ষার্থীদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। কী কারণে তারা অসুস্থ হয়েছে, তা পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত ভাবে বলা যাবে। জে/এ
