
এমএফএইচ রাজু | ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় সরকারি সেবা ও কৃষি সহায়তা সহজ, স্বচ্ছ ও কার্যকরভাবে কৃষকদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ১ হাজার ৬২৪ কৃষকের মাঝে কৃষক কার্ড বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) ভাণ্ডারিয়া পৌর অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে কৃষক কার্ড তুলে দেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মঞ্জুর সুমন এমপি।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, কৃষক দেশের অর্থনীতি ও খাদ্যনিরাপত্তার অন্যতম প্রধান চালিকাশক্তি। কৃষকদের জীবনমান উন্নয়ন এবং তাঁদের প্রাপ্য সরকারি সেবা নিশ্চিত করতে সরকার বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। কৃষক কার্ডের মাধ্যমে সরকারি সেবা ও সহায়তা আরও সহজে কৃষকদের কাছে পৌঁছে দেওয়ার সুযোগ সৃষ্টি হবে।
তিনি বলেন, কৃষকদের কল্যাণে সরকারের বিভিন্ন উদ্যোগ যথাযথভাবে বাস্তবায়নের পাশাপাশি প্রকৃত কৃষকরা যাতে তাঁদের প্রাপ্য সুবিধা পান, তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বিপুলসংখ্যক কৃষক উপস্থিত ছিলেন।