
কক্সবাজার জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ সভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
মোঃ মোরশেদ,(জেলা প্রতিনিধি) কক্সবাজার।
কক্সবাজার জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইনস মাঠে মাস্টার প্যারেড, কল্যাণ সভা এবং পুলিশ সুপারের কার্যালয় কনফারেন্স রুমে সেপ্টেম্বর/২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ০৪ অক্টোবর আয়োজিত এসব কর্মসূচিতে প্রধান অতিথি ও সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলার পুলিশ সুপার জনাব সাজেদুর রহমান, পিপিএম (সেবা)।
রবিবার সকালে পুলিশ লাইনস মাঠে অনুষ্ঠিত মাস্টার প্যারেডে অভিবাদন গ্রহণ করেন পুলিশ সুপার। এ সময় তিনি প্যারেডে অংশগ্রহণকারী অফিসার ও ফোর্সের শারীরিক সক্ষমতা, ফিটনেস, মার্চাস্ট ও টার্ন-আউট পরিদর্শন করেন। প্যারেডে সন্তোষজনক ও মানসম্মত পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ পুলিশ সুপার কৃতী পুলিশ সদস্যদের জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন।
পরিদর্শন শেষে পুলিশ সুপার ফোর্সের সার্বিক দক্ষতা ও প্রস্তুতি যাচাই করেন এবং বাংলাদেশ পুলিশের মূলনীতি ধারণ করে সততা, নিষ্ঠা, শৃঙ্খলা ও সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যদের কঠোর নির্দেশনা প্রদান করেন।
মাস্টার প্যারেড শেষে পুলিশ সুপার মহোদয়ের সভাপতিত্বে জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার বিভিন্ন স্তরের অফিসার ও ফোর্সের পেশাগত কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। এছাড়া অভিন্ন মানদণ্ডের ভিত্তিতে জেলার শ্রেষ্ঠ অফিসারদের হাতে বিশেষ পুরস্কার তুলে দেন পুলিশ সুপার।
কল্যাণ সভায় বক্তব্যে পুলিশ সুপার ড্রেসরুলস যথাযথভাবে প্রতিপালন, অপরাধ নিয়ন্ত্রণ ও আইন-শৃঙ্খলা রক্ষা, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ এবং সর্বোপরি জনগণের সঙ্গে মানবিক আচরণের মাধ্যমে তাদের কাঙ্ক্ষিত পুলিশি সেবা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
কল্যাণ সভা শেষে পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে সেপ্টেম্বর/২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার জনাব সাজেদুর রহমান, পিপিএম (সেবা)।
এ সময় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে মাদক, খুন, ধর্ষণ, ডাকাতি, অপহরণ, মানব পাচার এবং অন্যান্য চাঞ্চল্যকর মামলাসহ সকল গুরুত্বপূর্ণ মামলার তদন্তের অগ্রগতি পর্যালোচনা করা হয়।
দীর্ঘসূত্রিতা এড়াতে দীর্ঘদিন তদন্তাধীন মামলাগুলো দ্রুত ও নির্ভুলভাবে নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তাদের কঠোর দিকনির্দেশনা প্রদান করেন তিনি।
অপরাধ নিয়ন্ত্রণ এবং গুরুত্বপূর্ণ মামলাসমূহের সুষ্ঠু তদন্ত নিশ্চিতকল্পে জেলার সকল থানার অফিসার ইনচার্জ (ওসি) ও তদন্ত কর্মকর্তাদের কার্যকর ভূমিকা পালনের নির্দেশ দেন পুলিশ সুপার।