
ফেনী প্রতিনিধি :
ফেনীতে সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন বাংলাদেশী বংশদ্ভূত ব্রিটিশ রাজনীতিবিদ ও ব্রিটিশ লেবার পার্টির নেতা জাহাঙ্গীর ফিরোজ।
২ নভেম্বর (সোমবার) দুপুরে ফেনীর অভিজাত বেস্ট ইন রেস্টুরেন্টের হলরুমে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় কালে পিপলস এইড ইন্টারন্যাশনাল ইউকের চেয়ারম্যান জাহাঙ্গীর ফিরোজ তার পিপলস এইড ইন্টারন্যাশনাল ইউকে’র মাধ্যমে ঢাকা চট্টগ্রাম সিলেট বগুড়া ও ফেনীর সোনাগাজী এবং কলকাতা ও নেপালের কাঠমুন্ডু শহরে এযাবৎ ৫ শতাধিক শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ ও আর্থিক ও নানাভাবে সহায়তার কথা জানান।
এসময় তিনি ভবিষ্যৎ পরিকল্পনার কথাও জানান, ভবিষ্যতে নিজ এলাকা সোনাগাজীর মঙ্গলকান্দি ইউনিয়নের রাজাপুরে একটি দৃষ্টিনন্দন মসজিদ স্থাপন, বিদেশ যাত্রীদের দক্ষ ও প্রশিক্ষিত করে গড়ে তুলতে ট্রেনিং সেন্টার স্থাপন ও একটি স্কুল করার পরিকল্পনার কথা জানান।
নিজ গ্রাম চরদরবেশ ইউনিয়নের সেনেরখিলে একটি এগ্রো টুরিজম পার্ক ও কনভারসন হল করার পরিকল্পনার বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন।
জাহাঙ্গীর ফিরোজ বলেন, এইসব প্রকল্পের আয় থেকে পরিচালনা ব্যায় নির্বাহ শেষে উদ্বৃত্ত আয় গরীব অসহায় ও শারীরিক প্রতিবন্ধীদের কল্যানে ব্যায় করা হবে।
সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে উৎসাহ প্রদান সংবাদ প্রচার সহ নানাবিধ সহায়তার জন্য তিনি সাংবাদিকদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও পাশে থাকার অনুরোধ জানান।
উল্লেখ্য যে, জাহাঙ্গীর ফিরোজ ফেনী জেলার সোনাগাজী উপজেলাধীন ৫নং চরদরবেশ ইউনিয়নের সেনেরখিল গ্রামস্থ মরহুম ইঞ্জিনিয়ার ছিদ্দিক আহমেদ এর সুযোগ্য সন্তান, তিনি ২৪ বছর ধরে লন্ডন শহরে বসবাস করেন, তিনি লন্ডনের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও রাজনীতিবিদ, লেবার পার্টির নেতা।